Skip to main content

নান্দনিক প্রকাশ - বিশেষ সংখ্যা ‘মোহনা’


অনেকটা দেরি করেই হাতে এল সাবেক করিমগঞ্জ থেকে প্রকাশিত এবং বনানী চৌধুরী সম্পাদিত ‘মোহনা’ পত্রিকার বিশেষ সংখ্যাটি। ৬৮ পৃষ্ঠার পেপারব্যাক সংখ্যাটি হাতে নিতেই এক ভালোলাগার পরশ অনুভূত হল। কারণ মানস ভট্টাচার্যের অনবদ্য প্রচ্ছদ। বিশেষ সংখ্যা কেন তার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি রয়েছে দুই পৃষ্ঠা জোড়া খোলামেলা সম্পাদকীয়তে - ‘মোহনা ছোটপত্রিকার জগতে একেবারেই নবীন। ২০২২ থেকে যাত্রা শুরু হয়েছে। যাত্রাপথের শুরুতেই আমন্ত্রণ এসেছে ‘৯ম উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন’ থেকে… কিন্তু এই বিশাল মঞ্চে শূন্য হাতে উপস্থিত হওয়াটা অন্তরে সাড়া দিচ্ছিল না…তাই নতুন সংখ্যা প্রকাশ করার ভাবনা থেকে সরে এসে ‘বিষয় ভিত্তিক’ একটি কবিতা সংকলনের ভাবনা শুরু হল। …বরাকের সাহিত্য ক্ষেত্রটিও ভীষণ উর্বর। সেই উর্বর ভূমিকে অক্ষর চাষে আরও উর্বর করে তুলেছেন শব্দচাষীরা। ‘মোহনা’তে এসে একত্রিত হয়েছে সব কবিদের মনের তরী। আর এই তরীটিতে যাঁরা বইঠা চালিয়েছেন, তাঁদের জন্যই তরীটি কবিতা সংকলন রূপে ‘মোহনা’ হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে…।’ - এক অকপট, অনবদ্য সম্পাদকীয়।
সংখ্যাটিতে সন্নিবিষ্ট হয়েছে মোট ৫১ জন কবির ৫৩টি কবিতা। ‘বরাক-বিষয়ক’ অনন্য স্মৃতিমেদুর, নস্টালজিক সব কবিতা। কবিতায় উদ্ভাসিত হয়েছে মোহনীয় বরাকের অনবদ্য রূপকল্প। এসেছে বরাকের অন্তরে-অন্দরে লুকিয়ে থাকা রূপ-সৌন্দর্যের প্রতিচ্ছবি, মান অভিমানের প্রকাশ, ইতিহাস ও গৌরব-গাথা। এসেছে উনিশের আর্তনাদ ও প্রত্যয়। বর্তমানে বরাকের বাসিন্দা এবং জন্মসূত্রে বরাকবাসী হলেও বহির্বরাকের বাসিন্দা সব কবিদের কবিতায় উঠে এসেছে শান্তির উপত্যকা বরাকের প্রতি অচ্ছেদ্য শিকড়ের টান।
যাঁদের কবিতায় সেজে উঠেছে এই সমৃদ্ধ সংখ্যাটি সেইসব কবিরা হলেন - মহুয়া চৌধুরী, কস্তুরী হোমচৌধুরী, জয়ন্তী দত্ত, শিবানী গুপ্ত, গৌতম চৌধুরী, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, কল্লোল চৌধুরী, সুশান্ত ভট্টাচার্য, অখিল চন্দ্র পাল, সুদীপ্তা বিশ্বাস, আশুতোষ দাস, লীনা নাথ, চন্দ্রিমা দত্ত, ঋতা চন্দ, সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, হাসনা আরা শেলী, আদিমা মজুমদার, স্মৃতি দাস, রফি আহমেদ মজুমদার, সুপ্রদীপ দত্তরায়, বিদ্যুৎ চক্রবর্তী, অনুপ কুমার বনিক, সুদীপ্তা দে চৌধুরী, প্রতিমা পাল, কুন্তলা দে, যূথিকা দাস, শিপ্রা দাস, মমতা চক্রবর্তী, জয়শ্রী ভট্টাচার্য, দেবযানী ভট্টাচার্য, বনানী চৌধুরী, দোলনচাঁপা দাসপাল, পিঙ্কু চন্দ, শর্মিলী দেব কানুনগো, দেবাশীষ গুহঠাকুরতা, সুচরিতা সিংহ, মৃদুলা ভট্টাচার্য, বর্ণশ্রী বক্সী, গীতশ্রী ভট্টাচার্য, শতদল আচার্য, শিখা রায়, দীপাঞ্জলি চৌধুরী, অভিজিৎ পাল, নিরুপম শর্মা চৌধুরী, টিংকু রায়, ছন্দা দাম, সুমিতা গোস্বামী, গোপাল চক্রবর্তী, জয়ন্তী নাথ, পিয়ালী ঘোষ চৌধুরী ও পুস্পিতা রায়।    
স্পষ্ট ঝরঝরে ছাপা, উন্নত মানের কাগজ, যথাযথ অক্ষর বিন্যাস। কবিদের পাঠানো বানান অপরিবর্তিত রাখা হয়েছে বলে স্পষ্টীকরণ থাকলেও কিছু বানান শুদ্ধ করে নিলে ভালো হতো। শেষ পৃষ্ঠার উদ্ধৃতি সহ সব মিলিয়ে ‘বরাকের সকল অগ্রজ কবিদের উদ্দেশে’ উৎসর্গিত দলিলসম এক নান্দনিক উপহার - ‘মোহনা’ কবিতা সংকলন।

বিদ্যুৎ চক্রবর্তী

মূল্য - ১৫০ টাকা, যোগাযোগ - ৯৪৭৬৭৬৩২৫১

Comments

Popular posts from this blog

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...