Skip to main content

চিরনিদ্রায় আকাশলীন - গল্পভুবনের নিঃসঙ্গ নায়ক


এক সাধক মহাজীবনের নাক্ষত্রিক মহাপ্রস্থান। তাঁর জীবনচর্চা যেমন নিষ্কলুষ তেমনি তাঁর চিরবিদায়। নিয়মানুবর্তিতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে যেমন ছিল তাঁর পারদর্শিতা ঠিক তেমনি তাঁর চলে যাওয়াটাও ব্যতিক্রমী। কোনও টানাপোড়েন নেই, নেই দীর্ঘদিন হাসপাতালের বেডে শুয়ে থাকার যন্ত্রণা। কোনও হইচই নেই, কাজের শেষে ঘরে ফেরার মতোই একাকী পথে যেন তাঁর এক রাজকীয় মহাপ্রস্থান।
তিনি বরাকভূম কিংবা উত্তরপূর্বের গল্পভুবনের অবিসংবাদিত সম্রাট মিথিলেশ ভট্টাচার্য। আমার সৌভাগ্য আমি তাঁর সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তাঁর বরাভয় হাতের ছায়া পেয়েছিলাম মাথার উপর। ১৯৯০ সাল নাগাদ আমার জন্মভূমি বরাক থেকে আমি যখন বাইরে চলে আসি তার আগে সাহিত্যের সঙ্গে আমার কোন যোগাযোগ বা সংস্পর্শ ছিল না। বস্তুত এর ঠিক অব্যবহিত পরেই হাত রাখি লেখালেখির জগতে। ধীরে ধীরে বরাকের সাহিত্য ও সাহিত্যিক, কবিদের সঙ্গে পরিচয় ও যোগাযোগ। কিন্তু মিথিলেশ ভট্টাচার্যের মতো হাই প্রোফাইল সাহিত্যিকদের সঙ্গে কথা বলা কিংবা পরিচয়ের বায়না ধরার মতো কলমের জোর তো আমার ছিল না কোনোদিনই, তাই সসম্ব্রমে এড়িয়েই চলতাম এই ধৃষ্টতা। মিথিলেশদার সঙ্গে আমার পরিচয় সম্ভবত ২০২০ সাল নাগাদ। টেলিফোন যোগে সাহস করে যেদিন প্রথম কথা বলেছিলাম সেদিন, সেই মুহূর্তেই যে স্নেহমাখা সাড়া তাঁর থেকে পেয়েছি তার আর কোন তুলনা চলে না। সেই থেকে চলছিল নিরন্তর যোগাযোগ। উভয় পক্ষের বহু আবদার উভয় পক্ষই মিটিয়েছি সানন্দে। এক বিরাট ভরসার স্থান ছিল আমার। আমার প্রতিটি কাজে যেমন অনুপ্রেরণা জুগিয়েছেন তেমনি পরান ভরে প্রশংসাও করে গেছেন।
মনে পড়ে সেইদিনটির কথা। শিলচরে ১৯ মার্চ ২০২৩ তারিখে উন্মোচিত হবে আমাদের সম্পাদনায় ‘বৃষ্টিকথা বরাকের গল্প সংকলন। এর আগে সংকলনে তাঁর গল্প চাই বলে যে বায়না ধরেছিলাম, হাসিমুখে তা মেনে নিয়েছেন এবং গল্পও পাঠিয়েছেন। সেদিন উন্মোচনী অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তাঁর। আমি পৌঁছে গিয়েছি সময়ের কিছুটা আগেই যদিও তারও আগে থেকেই শুরু হয়েছে ধারা বর্ষণ। অনেকেই আসতে পারছেন না। আমি উন্মুখ বিশেষ করে মিথিলেশদার সঙ্গে দেখা হবে বলে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে দেখি হাতে গোনা কয়েকজনই এসেছেন। উপস্থিত থাকা কয়েকজনকে জিজ্ঞেস করলাম মিথিলেশদার কথা। তাঁরা জানালেন তিনি আসবেন না বলে জানিয়েছেন, খুব বৃষ্টি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করে বললাম - দাদা, আমি এসেছি আপনাকে পাব বলেই। শুনেই বললেন - আমি রওয়ানা হচ্ছি। বড় জোর আধঘণ্টা। সশরীরে তিনি হাজির হলেন অনুষ্ঠানে। অন্তরে কতটা গরজ, কতটা ভালোবাসা থাকলে যে তা হতে পারে, বুঝেছিলাম সেদিন।
এরপর বহুদিন ধরে তাঁর ঘরে যাবার কথা বলছিলেন যদিও আমার ঝটিতি সফরে আর যাওয়া হয়ে ওঠে না। সেদিন ছিল ৬ ফেব্রুয়ারি ২০২৪। এক সকালে তাঁকে ফোন করে গিয়ে হাজির হয়েছিলাম তাঁর শিবালিক পার্কের বাসস্থানে। সে কী আনন্দ, সে কী যত্ন তাঁর। এই বয়সে এসে বয়োজ্যেষ্ঠ কারো থেকে এমন স্নেহ ভালোবাসা পেলে আর্দ্র হয়ে ওঠে অন্তর। মনে পড়ে যায় আমার বাবার কথা। কিন্তু মিথিলেশদার সঙ্গে আমার বয়সের ফারাক ২০ বছরের বলে তাঁকে দাদাই ডাকতাম। বউদিকে হারিয়েছেন আগেই, সহায়িকা মাসিকে বললেন চা করে দেওয়ার জন্য। নিজে হাতে করে বিস্কুট আর মিষ্টি খেতে দিলেন। কথায় কথায় কখন যে দুপুর হয়ে গেছে খেয়াল ছিল না কারও। শুধু সাহিত্য আর সাহিত্য। এমন সাহিত্যপ্রাণ মানুষ সত্যিকার অর্থেই বিরল। অবশেষে উঠতেই হল কথা দিয়ে যে এরপর একদিন সারা দিন জুড়ে তাঁর বাসায় গল্প, আড্ডা হবে। সেই থেকে দিন গুনছিলাম যদিও তা আর হয়ে উঠল না। সাধনোচিত ধামে পাড়ি দিলেন মিথিলেশদা। ভরসার এক হাত যেন সরে গেল মাথার উপর থেকে। তবু আমি কৃতজ্ঞ এই ভেবে যে অনলাইনে তাঁর শেষ সাক্ষাৎকারটি তিনি দিয়ে গেছেন আমাকেই। অন্তরঙ্গ ভালোবাসার স্বীকৃতি হয়তো একেই বলে। 
তিনি যে শুধু একজন কৃতবিদ্য গল্পকারই ছিলেন তা নয়, সম্পাদনাও করেছেন বহু পত্রিকা। ‘পরম্পরা’ পত্রিকার শেষ সংখ্যার যে আলোচনা করেছিলাম তা মাত্র কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল গতি দৈনিক পত্রিকায়। ‘পরম্পরা’য় জীবনানন্দ দাশের কবিতার উপর তাঁর প্রখর লেখনী আমাকে ঋদ্ধ করেছে, মুগ্ধ করেছে। প্রকাশিত আলোচনাটি দেখে, পড়ে উচ্ছ্বসিত হয়ে ফোন করেছিলেন আমাকে। সাহস জুগিয়েছেন এগিয়ে যাবার। তাঁর এই অভয়বাণীকে মাথায় করে রাখি আজ। আরেকটি পত্রিকা ‘কল্পতরু’র সম্পাদনা সহযোগিতায় ছিলেন তিনি। সদ্য প্রকাশিত হয়েছে সেই পত্রিকার এবারের শারদীয় সংখ্যার। আমাকে ফোনে জানিয়েছিলেন দিন দুয়েকের মধ্যেই ডাকযোগে পাঠাবেন পত্রিকা। তাও আর হল না। জাগতিক যাবতীয় কর্মকাণ্ড থেকে চিরবিদায় নিলেন নিভৃতে, নিরালায় থেকে।
আমরা হারালাম এক অমূল্য রত্নকে। বরাক তথা উত্তরপূর্বের বাংলা সাহিত্য অঙ্গন যতদিন চলমান থাকবে, মিথিলেশ ভট্টাচার্যের নাম উচ্চারিত হবে নিরন্তর। থাকবেন তিনি আমাদেরই মধ্যে, ভাবীকালের সাহিত্যরচনার রন্ধ্রে রন্ধ্রে।
বিদ্যুৎ চক্রবর্তী

Comments

Popular posts from this blog

শেকড়ের টানে নান্দনিক স্মরণিকা - ‘পরিযায়ী’

রামকৃষ্ণনগর । প্রাকৃতিক সৌন্দর্যের আবহে বরাক উপত্যকার এক ঐতিহ্যময় শহর । বিশেষ করে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে চিরদিনই এক অগ্রণী স্থান হিসেবে উচ্চারিত হয়ে আসছে এই নাম । বৃহত্তর রামকৃষ্ণনগরের গোড়াপত্তনের ইতিহাস বহুদিনের । দেশভাগের আগে ও পরে , উত্তাল সময়ে স্থানচ্যূত হয়ে এখানে থিতু হতে চাওয়া মানুষের অসীম ত্যাগ ও কষ্টের ফলস্বরূপ গড়ে ওঠে এক বিশাল বাসযোগ্য অঞ্চল । শুধু রুটি , কাপড় ও ঘরের স্থিতিশীলতার ক্ষেত্রই নয় , এর বাইরে শিক্ষা অর্জনের ও শিক্ষাদানের ক্ষেত্রে মমনশীলতার পরিচয় দিয়েছিলেন সেইসব মহামানবেরা । ফলস্বরূপ এক শিক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠেছিল যদিও উচ্চশিক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে বেরোতে হয়েছিল নিজ বাসস্থান ছেড়ে । শিলচর তখন এ অঞ্চলের প্রধান শহর হওয়ায় স্বভাবতই শিক্ষা ও উপার্জনের স্থান হিসেবে পরিগণিত হয় । এবং স্বভাবতই রামকৃষ্ণনগর ছেড়ে এক বৃহৎ অংশের মানুষ এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এই শিলচরে । এই ধারা আজও চলছে সমানে । শিলচরে এসেও শেকড়ের টানে পরস্পরের সাথে যুক্ত থেকে রামকৃষ্ণনগর মূলের লোকজনেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন এক সৌহার্দমূলক বাতাবরণ । এবং সেই সূত্রেই ২০০০ সালে গঠিত হয় ‘ ...

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...