Skip to main content

জীবন্ত কিংবদন্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য - ‘অপার সুকুমার’


শ্রী সুকুমার বাগচি। উত্তরপূর্বের সাহিত্য, সংস্কৃতির জগতে সুকুমারবৃত্তির এক অন্য নাম। সুনির্দিষ্ট এক সময়কালে এই অঞ্চলে সুগন্ধী সমীরণের মতো তাঁর আগমন এবং অবস্থান শেষে উত্তরসূরিদের জন্য এক চিরস্থায়ী ছাপ রেখে তিনি বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। ছাপ এতটাই প্রকট যে এক স্পষ্ট ব্যতিক্রম হিসেবে সম্প্রতি তাঁকে নিয়েই প্রকাশিত হয়েছে গুয়াহাটি থেকে সাহিত্যিক, সম্পাদক তুষারকান্তি সাহার সম্পাদনায় প্রকাশিত ‘মজলিশ সংলাপ’ পত্রিকার ১৫৮তম সংখ্যা - ‘অপার সুকুমার’, যে সংখ্যাটির আমন্ত্রিত সম্পাদক হিসেবে রয়েছেন বিশিষ্ট লেখক, রম্যরচনাকার মদনগোপাল গোস্বামী।
‘শেষের পাতা’য় সম্পাদক লিখছেন - ‘…উত্তর-পূর্বাঞ্চলে শুদ্ধভাবে বাংলাভাষা চর্চা ও বানান-উচ্চারণ সম্পর্কে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও লেখক শিল্পী মহলে যে ব্যাপক সচেতনতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে তার নেপথ্যে তৎকালীন দুটি বাংলা দৈনিকের দায়িত্ববান সম্পাদক সুকুমার বাগচির অবদানকে কোনোমতেই অস্বীকার করা যাবে না। …এমন একজন মানুষ যখন জীবনের উপান্তে পৌঁছেও নিজভূমি থেকে দূর-প্রবাসে অবস্থান করে শুধুমাত্র মাতৃভাষার সার্বিক শুদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে সাধনার পর্যায়ে কর্মে ব্রতী থাকেন তখন স্বাভাবিকভাবেই তাঁর প্রতি আমাদের ঋণ স্বীকার ও কৃতজ্ঞতা জ্ঞাপনের দায়িত্ব থেকেই যায়। এ-কারণেই ‘মজলিশ সংলাপ’ পরিবারের পক্ষ থেকে এই বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ…।’
আবার সম্পাদকীয়স্বরূপ ‘প্রথম পাতা’য় আমন্ত্রিত সম্পাদক লিখছেন - ‘…উত্তর-পূর্বাঞ্চলে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে একটি বহুচর্চিত এবং জনপ্রিয় নাম সুকুমার বাগচি। বিশেষ করে দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, এক্ষেত্রে তিনি নিঃসন্দেহে পথিকৃৎ। …রচিত হয় সুকুমার ইতিহাস। সে ইতিহাস উঠে এসেছে এই পত্রিকার পাতায় পাতায়…।’
আসলেই এক ইতিহাস রচিত হয়েছে সেই সময়কালে এবং আলোচ্য এই সংখ্যাটিতে। দুই সম্পাদক ছাড়াও এখানে কলম ধরেছেন হাল আমলের একগুচ্ছ লেখক-সাংবাদিক যাঁরা কোনোভাবে সংস্পর্শে এসেছেন সুকুমার বাগচি মহোদয়ের। নানা আঙ্গিকে বর্ণিত হয়েছে তাঁদের সান্নিধ্যস্মৃতি, অন্তরের শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা। প্রতিটি প্রতিবেদন এতটাই আন্তরিক যে পড়া শুরু করলে থেমে থাকার জো নেই। সুকুমার-সান্নিধ্যের পুঙ্খানুপুঙ্খ বিবরণে উঠে এসেছে নানা তথ্য, অনেকের সম্বোধনে বাগচি স্যারের সাহিত্য সংস্কৃতির প্রতি একাগ্রতা, বিশেষ করে বানান ও উচ্চারণ বিষয়ক অনলস দায়বদ্ধতা, অগাধ গরজ ও পাণ্ডিত্যের কথা। বলা যেতে পারে একাধারে এক নিমগ্ন সাধক এবং ভবিষ্যৎস্রষ্টাও। তাই তো নিজে হাতে কলমে শিখিয়েছেন সাহিত্যসৃষ্টি ও সাংবাদিকতার পাঠ। যাঁদের মধ্যেই দেখেছেন সামান্যতম সম্ভাবনা তাঁদেরই ডেকে নিয়েছেন আপন করে, ঘষে মেজে জায়গা করে দিয়েছেন চলার পথের সফল পথিক হিসেবে। এই পথে কদাচিৎ বিরূপ সমালোচনা কিংবা কটু বিরোধিতার সম্মুখীন হলেও নিজের কাজে অবিচল থেকে, স্বভাবসুলভ গাম্ভীর্য এবং অন্তরের উজাড় করা ভালোবাসার মাধ্যমে গড়ে তুলেছেন এক নান্দনিক ভবিষ্যৎ। আলোচ্য সংখ্যার প্রত্যেক লেখকই তাই অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন সেইসব দিনের কথা। স্বীকার করেছেন বাগচি মহাশয়ের অসামান্য অবদানের কথা। এই সংখ্যায় যাঁরা কলম ধরেছেন তাঁরা সবাই আজ প্রতিষ্ঠিত লেখক-সাংবাদিক। স্বভাবত প্রতিটি লেখাতেই যেন নতুন করে খুঁজে পাওয়া যায় এই জীবন্ত কিংবদন্তিকে। 
মানুষ সুকুমার, তাঁর সাহিত্যকৃতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নির্ভীক সাংবাদিকতা, কবি লেখক সুকুমার, তাঁর ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা, দিনযাপন সব কিছুই উঠে এসেছে আজকের লেখকবৃন্দের কথায়। ১৬০ পৃষ্ঠার মধ্যে সন্নিবিষ্ট ৪৩টি রচনা/অধ্যায়ের উপর আলাদা মন্তব্য করার পরিসর নেই। প্রতিটি লেখাই যেখানে স্বকীয়তায় সমৃদ্ধ তাই বিশেষভাবে তুলে ধরাও সহজ নয়। শ্রদ্ধা ভালোবাসায় সুকুমার বাগচির সান্নিধ্য ও তাঁর কর্মকুশলতা নিয়ে যাঁরা কলম ধরেছেন এই সংখ্যায় তাঁরা হলেন - পি সি সরকার জুনিয়র, উষারঞ্জন ভট্টাচার্য, অমলেন্দু চক্রবর্তী, পীযূষ বন্দ্যোপাধ্যায় (বাংলাদেশ), পান্নালাল গোস্বামী, নন্দিতা ভট্টাচার্য গোস্বামী, শ্যামলকান্তি দাস, মানিক দাস, মাহমুদ কামাল (বাংলাদেশ), শংকর চক্রবর্তী, শৈলেন সাহা, সঞ্জীব দেবলস্কর, প্রদ্যোত চক্রবর্তী, পীযূষপটল দাশগুপ্ত, কমলেশ দাশগুপ্ত (বাংলাদেশ), সঞ্জয় চক্রবর্তী, শ্যামাশিস ভট্টাচার্য, শংকরকুমার দাস, গৌতম ভট্টাচার্য, প্রণব আচার্য, দীপক সেনগুপ্ত, মনোজ দেব, অরিজৎ আদিত্য, পার্থ ভট্টাচার্য, হিমাশিস ভট্টাচার্য, বাসব রায়, সৌমিত্রকুমার চ্যাটার্জি, সঞ্জয় গুপ্ত, দীপিকা বিশ্বাস, শেখ আব্দুল মান্নান, জ্যোতির্ময় সেনগুপ্ত, পরিতোষ তালুকদার, শান্তনু সরকার, প্রসূন বর্মন, পলাক্ষী দাস, বেদবতী গোস্বামী, মৈথিলী গোস্বামী, মদনগোপাল গোস্বামী এবং সুকুমার বাগচি মহাশয়ের অগ্রজ ভ্রাতা সদ্যপ্রয়াত সুবোধ বাগচি, ছোটবোন সুলতা বাগচি ও আত্মজা শ্বেতপর্ণা ভট্টাচার্য।
প্রচ্ছদের অসামান্য স্কেচ এবং সার্বিক প্রচ্ছদের সৌজন্যে যথাক্রমে প্রদ্যোত চক্রবর্তী ও উদয়ন বিশ্বাস। বর্ণবিন্যাসে সুলতা বাগচি। ছাপার স্পষ্টতা, কাগজের মান, অক্ষর-শব্দ-বাক্য বিন্যাস যথাযথ। একটি পত্রিকা সংখ্যা কিংবা গ্রন্থে বানান, যতিচিহ্ন কিংবা ছাপার একশ ভাগ শুদ্ধতা বড়ই বিরল। আলোচ্য সংখ্যায়ও ব্যত্যয় ঘটেনি তার। দুই দুইজন সম্পাদকের শ্যেনচক্ষু এড়িয়ে রয়ে গেছে তাই বেশ কিছু, এমনকী অধ্যায়ের শিরোনামেও। তবু এমন উদ্যোগ, এমন মহার্ঘ একটি সংখ্যা যে ভবিষ্যতের জন্য এক মূল্যবান দলিল হয়ে রইল এটাই মূল কথা এবং যোগ্যজনে যোগ্য সম্মান দিতে পারাটাই শেষ কথা।
বিদ্যুৎ চক্রবর্তী
প্রকাশক - মজলিশ বইঘরের পক্ষে সোনালি গুপ্ত।
মূল্য - ২০০ টাকা

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...