Skip to main content

লোকজীবনের নানা আঙ্গিকে সমৃদ্ধ সংগ্রহযোগ্য গ্রন্থ - ‘লোকসংস্কৃতি’


দ্বিতীয় সংখ্যা মুখপত্রের পর আলোচ্য সংখ্যাটি প্রকাশিত হয়েছে ২০২৫ ইংরেজির শেষ পর্যায়ে ‘জাতীয় লোকসংস্কৃতি পরিষদ’-এর কুমারঘাট অধিবেশন উপলক্ষে। সেই হিসেবে এটি তৃতীয় সংখ্যা হিসেবে উল্লেখিত হতো, কিন্তু টাইটেল ভার্সো পেজে লেখা আছে ‘নানাবিধ রচনার সম্ভার’। সুতরাং পরিষদের মুখপত্র বলাটা হয়তো সমীচীন হবে না। টাইটেল ভার্সো পেজে প্রকাশক বা প্রকাশক সংস্থার নাম লেখা আছে ‘কালজয়ী’। সাধারণত আয়োজক সংস্থাই প্রকাশ করে থাকে এসব মুখপত্র জাতীয় গ্রন্থাদি। ধোঁয়াশা এখানেও।
তবে সুখের কথা এই যে এইসব ধোঁয়াশা যা নিতান্তই পরিষদের আভ্যন্তরীণ বিষয় - একপাশে সরিয়ে রাখলে পেপারব্যাকে ২৮৭ পৃষ্ঠার বিশাল এই গ্রন্থের পরতে পরতে যেসব রচনা সন্নিবিষ্ট আছে তা নিতান্তই অমূল্য বললেও কম বলা হয়। এ নিয়ে সম্পাদকীয়তে আছে - ‘...অনেক রচনায় একাডেমিক রীতি অনুসরণ করেছেন অনেকে। আবার কেউ কেউ নিজের মতো করে গবেষণালব্ধ বিষয়কে উপস্থাপিত করবার চেষ্টা করেছেন। আমরা সম্পাদকমণ্ডলী উভয় বিষয়কেই গুরুত্ব দিয়ে লেখাগুলো প্রকাশ করবার চেষ্টা করেছি। একটা লক্ষণীয় বিষয় হল, বিভিন্ন রচনায় নানা লুপ্তপ্রায় আচার অনুষ্ঠানকে তুলে ধরেছেন - যা ইতো:পূর্বে কোথাও প্রকাশিত কিংবা আলোচিত হয়নি। সেক্ষেত্রে এজাতীয় বিষয়গুলো উপস্থাপনের ফলে এই বিষয়গুলো সম্পর্কে আরও গবেষণার ক্ষেত্রকে উন্মোচিত করবে। আমরা এটাই চাইছি...।’
আলোচ্য গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে লোকসাহিত্য, লোকসংস্কৃতি ইত্যাদি বিষয়ক মোট ৩২টি নিবন্ধাদি। অধিকতর বিস্তৃতি তথা তথ্যাদির সন্নিবেশে গবেষণাপত্রের ধাঁচে বা দীর্ঘ বর্ণনায় উপস্থাপিত হয়েছে যেসব রচনা সেগুলো হচ্ছে - ড. সুভাষ মিস্ত্রীর ‘লোকায়ত বাঙলা মন্ত্র অখণ্ড জাতিসত্তার প্রতীক’, অহীন্দ্র দাস-এর ‘শারদীয়া দুর্গা পূজা লোকজীবন থেকে উত্তরণের ক্রমপর্যায়’, অশোকানন্দ রায়বর্ধনের ‘লোকনাট্য : দক্ষিণ ত্রিপুরার সমাজ জীবনের প্রেক্ষিতে’, ড. মলয় দেব-এর ‘বাংলার ভাবগানে আন্ত:ধর্মীয় সম্প্রীতি ভাবনা’, ড. দেবব্রত দেবরায়-এর ‘লোকসংস্কৃতি শ্রম-নিরপেক্ষ নয়’, সুমনা রায়-এর ‘হজগিরি থেকে লাভনী : সাংস্কৃতিক ঐতিহ্যের এক রঙিন সেতু’, সৌম্যদীপ দেব-এর ‘লোকনাট্য : এক বিশ্লেষণাত্মক পাঠ’, ড. মুজাহিদ রহমান-এর ‘বঙ্গীয় লোকসংস্কৃতির ওপিঠ’, ড. অলোক সাহার ‘মেঘালয়ে গারো পাহাড়ের ওয়াঙ্গালা উৎসব’, অরুণকুমার সেন-এর ‘লোকসংস্কৃতিই বাঙালি সংস্কৃতির মূলধারা’, জহর দেবনাথ-এর ‘আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, লোকসাহিত্য ও লোকজীবনে তথাকথিত বিশ্বায়নের প্রভাব’, রতন চন্দ-এর ‘বরাক শ্রীহট্টের লোকাচার : কর্মাদিত্য ঠাকুরের ব্রত’, সুমন মাইতির ‘দেশের সুস্থায়ী উন্নয়নে লোকসংস্কৃতির ভূমিকা’, আদিমা মজুমদারের ‘বাঙালি মুসলমান সমাজে লোকসংস্কৃতি চর্চার স্বরূপ’, বেবী সাউ-এর ‘কাঁদনগীত : নারীর জীবন-আলেখ্য’, ড. রঞ্জিত দে’র ‘ছড়িয়ে ছড়া অঙ্গনে’, ড. চিত্তরঞ্জন মাইতির ‘বাংলাদেশের পটের গানে লোকভাষা ও উপভাষার ব্যাকরণ প্রয়োগ’, মন্টু দাস-এর ‘প্রসঙ্গ : নৌকা পূজা ও প্রাসঙ্গিক কিছু ভাবনা’ ও ড. পদ্মকুমারী চাকমার ‘চাকমা ছড়ায় শিশু মনস্তত্ত্ব’।
বিষয়ে, ভাবনায় ভারী হলেও অপেক্ষাকৃত সংক্ষিপ্ত পরিসরে থাকা নিবন্ধগুলোর মধ্যে আছে ড. অমিত কুমার চট্টোপাধ্যায়ের ‘লোকসংস্কৃতির ইতিবৃত্ত’, নিভা চৌধুরীর ‘’ডিটান’ - বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ’, নির্মল দাস-এর ‘বাঙালি লোকজীবনে পান’, ‘পাপিয়া রায়চৌধুরীর ‘বাংলার লোকসংস্কৃতি : একটি সার্বিক আলোচনা’, ড. নির্মল দেবনাথের ‘ভারতীয় সংস্কৃতিতে ঔষধী গাছের ব্যবহার ও তার ঐতিহ্য’, জহরলাল দাস-এর ‘বাঙালির লৌকিক সংস্কৃতিতে পৌষ পার্বণ’, অরূপ কুমার ভূঞ্যার ‘মেদিনীপুরের কিছু শিল্প - সংস্কৃতি ও ঐতিহ্য’, কিশোর ভট্টাচার্যের ‘উৎসব ও লোকসংস্কৃতি’, ড. বীথিকা চৌধুরীর ‘ব্রত শুরুর ইতিকথা’, দিব্যেন্দু নাথ-এর ‘জম্পুই ও তার সিঞ্চন’, সংহিতা চৌধুরীর ‘পৃথিবীর প্রগাঢ় কালো রাত্রি’ ও বিদ্যুৎ চক্রবর্তীর ‘কামাখ্যা মন্দির ও অম্বুবাচি মেলা’। বিশেষ রচনা হিসেবে আখ্যায়িত করা যায় গোপালচন্দ্র দাস-এর গবেষণাধর্মী দীর্ঘ রচনা ‘প্রেম-সাধক বৈষ্ণব কবি দীন ভবানন্দ’কে।
পরিসরের অভাবে রচনাসমূহের বিস্তৃত আলোচনা সম্ভব নয় অন্যথা প্রায় একশভাগ রচনারই অন্দরে লুকিয়ে রয়েছে লোকজীবনের যে বিশাল আঙ্গিকের চুলচেরা বিশ্লেষণ তা পাঠকের গরজে মননে যে নতুন ধারার ফিরে দেখা চিন্তার উদ্রেক হবেই সেই বিষয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। সাধারণ্যে অজ্ঞাত বহু বিষয়ের উল্লেখ পাঠকের সামনে নিশ্চিতই খুলে দেবে এক ভিন্নচিন্তার জগৎ। গ্রন্থশেষে রয়েছে লেখকদের সাদাকালো সচিত্র ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি।
কাগজের মান, ছাপার স্পষ্টতা ও অক্ষরবিন্যাস যথাযথ। ভবিষ্যৎ সংখ্যাসমূহে বানান বিষয়ে অধিকতর সজাগতার প্রয়োজন রয়েছে। রচনার শিরোনামে বানান বিভ্রাট কিংবা ব্যাকরণ বিভ্রাট বিষয়েও অধিকতর চিন্তার পরিসর রয়েছে। লোকসাংস্কৃতিক আঙ্গিকের প্রথম ও শেষ প্রচ্ছদের বিষয়েও কোন উল্লেখ নেই যদিও সব মিলিয়ে এক সংগ্রহযোগ্য গ্রন্থ হিসেবে ‘লোকসংস্কৃতি’ বিষয় ভাবনা ও বিষয়বৈচিত্রে ভাস্বর।
বিদ্যুৎ চক্রবর্তী

সম্পাদক - অমিত চট্টোপাধ্যায়, অহীন্দ্র দাস ও মন্টু দাস।      মূল্য - ৩০০ টাকা

Comments

Popular posts from this blog

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...