Skip to main content

ধানি সৌরভের পদাবলি

অন্তরমহল জুড়ে মাতাল ধানি সৌরভ
আর একাধারে ভুবনায়নের খেলাচ্ছল
আহা, এ না হলে জীবন ?
কানায় কানায় পূর্ণ সব ভাঁড়ার
মনমাঝিরা দাঁড় বেয়ে যায় সারাবেলা
গান ধরে - জারি সারি,
হিজলের গান, ফসলের গান
নাও বাঁধা থাকে মোকামটিলার জলে।
মহেশ চলে গোরুর পালায় রোজ সকালে
অভিমন্যুরা পায়ে পায়ে পথ চলে।
কেউ সাপের খেলা দেখে আবেগে আবেশে
লিখে রাখে সব ডায়েরির খাঁজে
একদিন সাপের ছোঁবলে ভাসে মান্দাস
মোকামটিলার জলে।
লিখা হয় জীবন খাতার শেষ পঙ্‌ক্তি
অন্তরঙ্গ কেউ বয়ে চলে হারানো স্মৃতি।
ধানি রং স্মৃতির পরশে ধূসর হয় পথ
আমি লিখে রাখি আছে যা সকলই
হিজলের গান আর ধানি সৌরভের পদাবলি।

Comments