সীমানা ছাড়িয়ে
মাটিই হোক কিংবা জল
রোজ আসে মারণ দূত - অলক্ষ্যে,
ঝঞ্ঝা কিংবা ফসকা গেরোয়
ঠুনকো যত ছিঁচকাঁদুনে উটকো বাহানায়
মোদ্দা কথা হিসেবনিকেশ,
বিয়োগ বেলার - খেলা শেষের বাঁশি।
হরিচরণ থেকে মিস্টার স্কট্
আকাশ ছোঁয়া ভাইরাস শামিয়ানায়
কুচক্রে কুজন হয়েও তেঁতুল পাতায় ন'জন।
তবু হয় না শেষ রক্ষা, শেষ শিক্ষা
সীমানা ছাড়িয়ে শেষের পথে
এগোয় মিছিল - হিংসা দ্বেষ আর
অশিব পথে অসীম লালসা নিয়ে
দুর্গাহরণ দুর্গাদলন দুর্গাহনন পালায় মাতে
কালচে অসুর নব্য পৃথিবীর -
ভূমির উপর লুটিয়ে পড়ে লজ্জানত শির।
যুগতামামির হিসেবনিকেশ এবার দোরগোড়ায়
অদেখা ওই অসুর এবার করবে বাজিমাত
ধ্বংসবেলায় মানবাসুর হবেই কুপোকাৎ।
Comments
Post a Comment