আমার বন্ধু
আমার কাছে বন্ধু মানে
বন্ধনহীন খোলা আকাশ
যেমন খুশি ওড়তে থাকো
সাথে আছে মন্দ বাতাস।
আমার কাছে বন্ধু মানে
অফুরন্ত কথার ছল
আদিও নেই অন্তও নেই
পলকে বরফ গলেই জল।
আমার কাছে বন্ধু মানে
গোপন কথার উন্মোচন
বদ্ধ কথার আগল খোলে
অনন্ত কাল আলোচন।
আমার কাছে বন্ধু মানে
ব্যথার প্রলেপ, শান্তি জল
জমাট বাঁধা মন খারাপের
শেষের বেলার সুখের ঢল।
আমার কাছে বন্ধু মানে
ভুলেই বসা পৃথিবী
বুভুক্ষা বা হৃদয় জ্বালা
স্বজন ব্যথা বা গরিবি।
আমার কাছে বন্ধু মানে
মুখের কথার নেই লাগাম
আসুক নেমে তুফান যতই
ততই প্রেমের তুলকালাম।
আমার কাছে বন্ধু মানে
ছন্দ বদ্ধ সুখের তান
অবয়বটাই ভিন্ন শুধু
এক সুর আর একই প্রাণ।
আমার কাছে বন্ধু মানে
গোপন প্রেমের কাণ্ডারি
ভালোবাসার স্বপ্ন পথের
সঠিক দিশার দিশারি।
আমার কাছে বন্ধু মানে
বাইরে ঘরে একাকার
চুলো থেকে চালের খবর
নখের ডগায় আছে যার।
আমার কাছে বন্ধু মানে
চোখের জলের উপচার
সান্নিধ্য আর সাহচর্যে
সরায় বুকের পাষাণ ভার।
আমার কাছে বন্ধু মানে
আদিগন্ত ভরসা থল
ভুলের পদক্ষেপে দেখায়
কে যে সরল, কে যে খল।
আমার কাছে বন্ধু মানে
জীবনজোড়া অঙ্গীকার
যতই আসুক ঝঞ্ঝা তুফান
বিপদ বেলায় জামিনদার।
আমার কাছে বন্ধু মানে
ঝগড়াঝাটির রাত শেষে
ওধাও অমিল ক্ষণস্থায়ী
কইবে কথা ফের হেসে।
আমার কাছে বন্ধু মানে
বেহিসেবি কাজের ভারে
উড়িয়ে দিয়ে গরজ নিজের
ঝাঁপায় সখা সৎকারে।
আমার কাছে বন্ধু মানে
শেষ যুদ্ধের হাতিয়ার
বুক চিতিয়ে দাঁড়ায় পাশে
পরায় জয়ের মণিহার।
আমার কাছে বন্ধু মানে
হাতের মুঠোয় ধরাধাম
জীবন যখন অস্তাচলে
জপেই যাব বন্ধু নাম।
Comments
Post a Comment