অজানা মর্মগাথা
চোখটা ছিল সামনে শুধুই
সময় কোথায় তাকাবো যে
এদিক ওদিক ডাইনে কিংবা বাঁয়ে -
জানতামই না পাশেই ছিল
ছোট্ট একটি ঝুপড়ি ঘরে
দু’টি পাতা একটি কুঁড়ি - ফুলের মতো।
জানতামই না ঘরের সামনে
থাকেন যে এক বৃক্ষ প্রতিবেশী
উচ্চ করি শির সৌম্য, সুদর্শন -
আর তাকেই ঘিরে লালিত সব
ছত্রছায়ায় গুল্ম লতার ঘর।
আজ সকাল হতেই খুঁজে ফিরি
আবেশ মাখা অতসী ফুল,
খুঁজি সব বসন্ত শেষ পত্রবাহার
হারিয়ে যাওয়া বিস্মৃত সব সহচর।
জানতামই না আমার মতো
সময়হীনের দুঃসময়ে ছিল কত
উজাড় হৃদয় সাহচর্য হাত,
আজ রুদ্ধ হয়েছে বহির্জগৎ
উঠছে ভেসে অজানা সব কথা
অধরা
আর একান্ত সব আপন মর্মগাথা।
Comments
Post a Comment