ভূমিপুত্র
ঘর বাঁধিনি পাহাড় চূড়ায়
বাঁধেনি সাত পুরুষের কেউ।
তোড়ে ভেসেও আসেনি কেউ,
জলজ যাপনে থিতু জীবন।
কর্ষণে কর্ষণে স্থিতপ্রজ্ঞ অতীত
পরতে পরতে স্বেদপূর্ণ ভূমি -
যুগ যুগান্তরের সখ্য।
আসতে যেতে মুচকি হাসে মলয়,
সাত সকালে হাঁক পাড়ে সে আজও
সুনীল আকাশ - আবার ফেরত সাঁঝে।
আমি মাটির ছেলে, মাটিই চেনা
মানচিত্রে শেকড় অচেনা।
আমার শেকড় নদীর জলে,
ধানের খেতে, সোনার ফসলে।
আমার রক্ত বেজায় নীল
আকাশ থেকে পাওয়া,
অক্ষিগোলক গণগণে লাল
তারার উত্তরাধিকার।
কাগজে নয় - থাকবে আমার নাম
জগৎ জুড়ে - বসুধা অন্তরে।
Comments
Post a Comment