বর্ষারম্ভের বাখান
বিশ্বজোড়া টালমাটালেও
ফিরে আসা নিক্তি ধরে,
ইচ্ছে হয় আজ বলি তারে -
এই অশুভ ক্ষণে নাই বা এলে
হে নুতন, আর ক’টা দিন পরেই নাহয় এসো।
এসেছে আজ নতুন বর্ষ
অবেলায় গরহাজির সব হর্ষ।
মন ভালো নেই আজ পৃথিবীর
চূর্ণ দম্ভ বিশ্ব মানব জাতির,
মিথ্যে যত বড়াই, যত ঠুনকো অহংকার।
পাপবিদ্ধ কৃতকর্মের গুণছি মাশুল আজ
পদে পদে দিচ্ছি শুধু ভুলের খেসারত
কখনো যে তাকাইনি চোখ মেলে,
বেঁচেবর্তে ছিলেম যাঁদের দয়ায়
আড়ম্বরে মত্ত সুখে অকৃপণ এই ধরায়।
আনকোরা এই বর্ষারম্ভে তাই
অঙ্গীকারে বদ্ধ হবো আজ -
চলব মেনে বিশ্ব বিধির বিধান
ধরার যত নিরেট নিটোল নিদান,
কৃতজ্ঞতায় থাকবো নতমস্তক।
উঠুক জেগে ধরিত্রী ফের অপাপবিদ্ধ রূপে
সহাবস্থান, দয়া ধর্ম, মানবতায় আবার,
আবার বাজুক - মৃত্যু মিছিল শেষে
প্রকৃতিময়
জীবনের সুরসপ্তক।
Comments
Post a Comment