আমি ঈশ্বর ভালোবাসি
গৃহবন্দি হলো মানুষগুলো
অমনি এসে শয়তানটি দিল হাজিরা
অলস মগজ শয়তানের যে ডেরা।
আজ - দশচক্রে ভগবান ভাইরাস
টানাহ্যাঁচড়ায় ঈশ্বর কুপোকাত
শুরু হলো আমার ঈশ্বর তোমার ঈশ্বর খেলা
ফি বছরে পুজো এলেই -
আমার দুর্গা, তোমার দুর্গায় যেমন কাটে বেলা।
বছর জোড়া হৈ চৈ আর উল্লাসে মত্ত
ভাবনাতেও আসেননা ঈশ্বর,
ঈশ্বর আজ পণ্য শুধু মেধার বাণিজ্যে
ঝোপ বুঝে কোপ মারা শুধু বুদ্ধিজীবির রাজ্যে।
মন্দির আজ বন্ধ হতেই আষ্ফালন উল্লাসে
সব মরিয়া প্রদর্শনে দিলদরিয়া সেজে,
কবির কলম এক খোঁচাতে হত্যা করে ঈশ্বর
স্বার্থপরের কারনামাতে হাসেন জগদীশ্বর।
আর্ত সেবায় থাকতে হবে সেবারই মনন
মিথ্যে শুধু দায় চাপানো ধর্ম আর ঈশ্বরে
ঈশ্বর তাঁর - অন্তরে যাঁর পরার্থপর বোধ
ধর্ম কখনো শেখায় না বিরোধ।
যতই মারো ঈশ্বর তুমি কবি
ততই যে ম্লান হচ্ছে তোমার ছবি
মন মন্দিরে, ঘরে ঘরে ঈশ্বরেরই বাসা
ঈশ্বরই তো শিখিয়েছেন দীন জনে ভালোবাসা।
আর্ত, দুস্থ, দীন, ভিখারি আমার ঈশ্বর নয়
ওরা আমার মতই মানুষ - ঈশ্বর সৃষ্ট,
আমার ঈশ্বর প্রাণীকুল যত, প্রকৃতি জননী
আমার ঈশ্বর গুরু ভগবান আল্লাহ বুদ্ধ খ্রীষ্ট।
Comments
Post a Comment