একাকী বেলার পণ
দাঁড়াবার জায়গা নেই কোথাও,
সব পথ সাঁকোময় - হাতল বিহীন।
এপারে ওপারে দামাল বেলায়
চরকি নাচনে কেটেছে দিন,
এখনও ফিরে আসে গভীর রাতে
দুঃস্বপ্নের ভয়াল কোলাজে।
সব মাটি পিচ্ছিল, কিংবা চোরাবালি
চেনা পথেই তাল তাল কাদা,
চেনা মুখেই অবিশ্বাসের কথা।
হৃদয়ে ধরে রাখা পরিচিত অবয়ব
নিমেষে হাতছাড়া, অবাক পিছপা।
ছন্নছাড়া রোদের আলোয়
ঝলসে ওঠে একান্নবর্তী যাপন কথা,
পুড়ে খাক যত বৃন্ততুতো কুসুম।
আঘাতে আঘাতে দীর্ণ হৃদয়ে
কালসিটে শুধু বিচ্ছেদ ব্যথাময়
শীর্ণ দু'পায়ে স্থবির শিরোপা লোলুপ।
বিলুপ্ত সব সাহচর্যের সঞ্চিত ব্যথা -
উথলে উঠে হৃদয়, ডুকরে উঠে বুক,
অপমানে ঢেকে রাখি মুখ।
হোক লিখা ইতিহাস ফের প্রত্যয় ভরা
পোক্ত পায়ে পেরিয়ে যাব সাঁকো, দেবো
একেলা পথেও বেণীর সঙ্গে মাথা।
Comments
Post a Comment