প্রেমের অপরাধ
পাগলী মেয়ে, হৃদয়ের গভীর থেকে
আলগা করে দে আমার দ্বিধা।
দেমাক ছেড়ে শোধন করে ফেল
মনের যত জমাট ক্ষোভের স্তুপ।
আগমনি গানের সুরে জেগে উঠুক
তোর মনন শোভন নারীরূপ।
মান অপমান ফারাক রাখিস মেয়ে
মেয়ে বেলা পেরিয়ে এলি কবে -
আমারও তো অতীত ছেলে বেলা,
কত আর বইবি মিথ্যে প্রেমের অপরাধ ?
চেনা মুখের দোহাই পেড়ে
অপমানে করিস যদি সৎকার
রাখিস জেনে গরজ বড় বালাই
আমার বয়েই গেছে তোকে নিয়ে ভাবি
আমার জগৎ ভাবনাতে নেই তোর।
বলিস কথা নিজের পরিচয়ে
'আমি অমুকের তমুক' বলে তুই
কেন করিস নিজের অপমান ?
আমার তাতে যায় বা আসে কী
আমার কাছে দামটুকু তোর কী ?
মেকি কথায় যাদের করিস হেলা
দুঃখ অপমান - তাদের দীর্ঘশ্বাসে
পড়বে যে আঁচ তোরই জীবন পথে।
জবরদস্তি রাখবি যারে দূরে
আসবে ফিরে সেই তো বারে বারে।
তার চে' তুই বন্ধু হয়ে নিজেই শুদ্ধ থাক
দেমাক ছেড়ে আপন গরিমায় -
বিন্দাস তুই কেতায় বেঁচে থাক।
Comments
Post a Comment