তোমার দুর্গা - আমার দুর্গা
আমার দুর্গা - ভক্তি মার্গে মা হাজার প্রণাম।
তোমার দুর্গা - পুজোর আগে ডাস্টবিন ঘেঁটে যায়
আমার দুর্গা - নয়দিন ধরে নবরাত্রি পূজা পায়।
তোমার দুর্গা - স্বার্থপূরণে ভুখা পেট গান গায়
আমার দুর্গা - ভক্তজনে অন্ন জুগিয়ে যায়।
তোমার দুর্গা - কল্পনাতে শতধা বসন পরে
আমার দুর্গা - মায়ের সাজে শাড়িতে বিরাজ করে।
তোমার দুর্গা - নাম কুড়োতে ধর্ষিতা তকমা পায়
আমার দুর্গা - রক্তবীজের টাটকা রুধির খায়।
তোমার দুর্গা - পালটায় রূপ তোমার মর্জি মতো
আমার দুর্গা - চিরন্তনী পূজিতা শাশ্বত।
তোমার দুর্গা - তোমার সৃষ্টি রাজনীতির এক চাল
আমার দুর্গা - দৈবী শক্তি আবহমান কাল।
তোমার দুর্গা - ফি বছরে পুজোর আগেই প্রকট
আমার দুর্গা - মানস প্রতিমা নিত্য অকপট।
তোমার দুর্গা - নিছক খেলা সস্তা বাজিমাত
আমার দুর্গা - নিখাদ ঈশ্বর মণ্ডপে প্রণিপাত।
তোমার দুর্গা - বাজির ঘোড়া কবির নাম-সোপান
আমার দুর্গা - মহাদেব-দারা নিখাদ ভগবান।
ডাস্টবিন ঘেটে খায় যে ভিখারি
সেও তো মানুষ আমারই মতো
ক্ষুধিত জঠরে আছে যে শিশু
সেও তো মানুষ সন্তানসম।
ছিন্ন বসনে ঘুরে যে জননী
সেও তো মানুষ মায়েরই মতো
ধর্ষক হাতে লাঞ্ছিত যে মেয়ে
সেওতো মানুষ কন্যাসম।
আমিও মানুষ, ওরাও মানুষ
আমি কী করেছি তাদের জন্য ?
স্বার্থপূরণে দুর্গা বধেছি
আমি নরাধম অতি জঘন্য।
ঘৃণিত মেধার কারসাজি দিয়ে
মানুষকে সাজাই ভগবান
নিজেরই মতো মানুষকে করি
ভগবান নামে অপমান।
পরম্পরার স্খলন ঘটিয়ে
দুর্গা নামে ব্যবসা করি
দেবতার নামে আবোলতাবোলে
ভাসাই নাম-এর
স্বার্থতরী।
- - - - - - - - - - - -
Comments
Post a Comment