দ্রোহসুর
চাঁদ, ফুল, নদী, বৃষ্টি ছাড়াও
স্বচ্ছ একটা জগৎ আছে বটে -
আসুক না সে কবিতার হাত ধরে।
বারবার কেন থাকবে উপেক্ষিত
স্পষ্ট ছবি, কঠোর - রূঢ় বাস্তব পরাকাষ্ঠা
ক্ষোভের আগুন দাউদাউ জ্বলে কখনো।
কত আর বেঁধে রাখি চোখ
কত আর লাগাম পরাই মুখে।
কলম আর করবে কত প্রসব
একতরফা শব্দমালার গোঁজামিল কবিতা ?
জেনেও না জানার ভান
দেখেও না দেখার ছল
শোনেও না শোনার অভিনয়
দিনশেষে নিজের কাছেই নিজের পরাজয়।
মিথ্যে কথার লোকভুলানো গালগল্পে
কত আর ভুলবে ভবি চিরন্তন,
তাই, মাঝে মাঝেই ছলকে ওঠে
হৃদয় জুড়ে দ্রোহের অনুরণন।
শত্রু তো আজ চিহ্নিত সোজাসাপটা
ঘরে, বাইরে, দেশ-বিদেশে সেকাল থেকে একাল
তবে কেন লোক দেখানো মিথ্যে আলিঙ্গন ?
আর কত কাল থাকবো মূক ও বধির
এসেছে আজ উল্টো পথে বজ্রমুষ্টি ক্ষণ।
মিথ্যাচারীর চোখে এবার
আঙুল দিয়ে দেখিয়ে দেবো চিত্র,
মিথ্যাচারের উৎপাটনে প্রকট শত্রু মিত্র।
মন্দ ভালোর বিশ্লেষণে উঠুক আওয়াজ স্পষ্ট
করবো লোপাট মিথ্যে মোড়ক,
ধর্ম এবং ভাষায় হবো নিরেট নিরপেক্ষ।
চোখের দেখা জগৎকেও দেখবো বিলক্ষণ
কবিতা নয় কল্পনা আর শুধুই মানস নয়ন।
Comments
Post a Comment