Skip to main content

সেইসব কথা

কত কিছুই তো সারা হল না এখনও
কত লহমা চলে গেল বেখেয়ালে
পলকে পলকে বিস্মরণ আর মায়াজালে,
মোহজালে চলে গেল কত কাল
কত বার কত কথা, কত উচ্ছ্বাস, কত আবেগ...
আটকে রইল জিভের ডগায়, হল না বলা
কত ছবি থেকেই গেল অদেখা অ্যালবামে
কত হৃদয় রয়েই গেল অপঠিত পটে,
উদাসীন বিস্মৃত যাপনে এতটা কাছে থেকেও
কত দুরে রয়ে গেলে তুমি বাতিঘর - সুদর্শনা
কত পল, কত নিবিড় সান্নিধ্য, সব....
রয়ে গেল নিষ্ফলা, কিছুই হল না সারা
কিছুই হল না বলা, কেটেই তো গেল বেলা
শেষের আগে আমি বলে যেতে চাই
আমি শুনে যেতে চাই সেইসব
না-বলা কথা, সেইসব মোক্ষম কথা -
যে কথার অনুচ্চারিত অনুরণন
আজও ঝড় তোলে হৃদয়ে,
আজও আন্দোলিত করে তনু-মন

Comments