জন্মদিন
নুন - পান্তার আসা যাওয়ায়
লুকিয়েছিল জন্মদিন।
জানতে হবে - জানতাম না,
মত্ত ছিলাম তাগিদ বিহীন -
বিন্দাস সব অলস দিন যাপন।
একদিন - কৌতুহলে চুপি চুপি
কোষ্ঠী ঘেটে জেনেছি দেদার
অজানা সব গোপন তথ্যরাজি।
আমি - ওমপ্রকাশ, যে নাকি
নয় নয় করে থাকবে বেঁচে -
নয়টি দশক নির্দ্বিধায়।
মেনেছি সব - কোষ্ঠীতে যে লিখা আছে।
হাতের মুঠোয় দেদার দশক পেয়ে
মন ছুটছে অবাধ খুশির পানে
ফেলেছি পা বাঁধা ছকে - জেনে
হাতের মুঠোয় স্থির হয়ে যে আছে -
অগুনতি ক্ষণ - বর্ষ, দিবস, মাস।
এরপর - দশকের পর দশক ধরে
আসছে ফিরে ফি বছরে
মনের মধ্যে হচ্ছে জমা স্তরে স্তরে
হারানো সুখ - স্মৃতির ভাঁড়ারে।
এবার তাঁরে করবো শুধু এক ফরিয়াদ
বাঁচবো কেতায়, ভালোবাসায় -
তার বদলে দিতে পারি এক লহমায়
বাকি থাকা সব ক'টি দশক।
চাই না বেঁচে থাকতে - হয়ে
জীবন যুদ্ধে হারিত সৈনিক।
Comments
Post a Comment