Skip to main content

প্রথম বর্ষা

প্রথম বর্ষা

আজ আষাঢ়ের প্রথম দিনেই
ঘোর নেমেছে বর্ষা
গাঁয়ের পাশের ছোট্ট ধারা
আজ সে তিস্তা তোর্ষা।
সকাল হতেই আকাশ জুড়ে
ঘন দেয়া ঘনঘোর
আঁধার নেমেছে চরাচর ছেয়ে
তড়িৎ, বজ্র শোর।
থেকে থেকে আসে অঝোর ধারায়
প্রথম বর্ষা বৃষ্টি
ঝরছে আকাশ ভাসছে পৃথ্বী
ধুয়ে যাক অনাসৃষ্টি।
বর্ষা কি আর নিছক শুধু
প্রেম বিরহের গান
আবির্ভাবেই আষাঢ় ধারায়
ধরায় এল বান।
উপচে উঠেছে নদী নালা যত
পড়ছে খসে পাহাড়
প্রথম দিনেই রক্তচক্ষু
ভয়াল রুদ্র আষাঢ়।
ভাসে কৃতঘ্ন মানব জাতি
প্রকৃতি রোষ জলে
আমি - নীরো, লিখি বর্ষা পদ্য
শুধুই অন্ত্যমিলে।

Comments