Skip to main content

স্বপ্ন-সিঁড়ি

স্বপ্নে আসে রোজ - অগণিত সব সিঁড়ি
উত্‌রাই জুড়ে অফুরান - অনিঃশেষ
শিখরে কখনও জটাজুটধারী,
কখনও তিমিরবিদারী
কে যেন পিছুটানে আটকে রাখে আমাকে
আমি পিছিয়ে পড়ি ক্রমাগত -
উৎসমুখের দিকে, স্নিগ্ধ সকালের পথে
একে একে পেরিয়ে যাই দুঃসহ কাল
গুল্ম থেকে গভীর বনানী পথে,
শেষ ধাপে একরাশ ব্যর্থতা, টালমাটাল
আমি প্রাণপণে সামলে রাখি নিজেকে -
দিন রাত শুধু ট্রাপিজ - হাতলবিহীন
 
ভোরের সুবাতাসে ডুকরে উঠি হু হু
কে যেন পাশে শুয়ে বলে - সাদরে
ঘুমোও, রোজ কী যে দেখো ছাইপাশ।
আমি চোখ মেলে খুঁজি সেই স্বপ্নসিঁড়ি
আর বলি - শেষটুকু হোক অবিনাশ।

Comments