Skip to main content

সরস্বতী এসেছিল


– কাল সন্ধ্যায় সরস্বতী এসেছিল। তোকে না পেয়ে রাগ করে চলে গিয়েছে।
বন্ধু চিন্ময়ের কথায় আমার বুকে যেন এক মন ওজনের হাতুড়ির কোপ পড়ল। ‘সরস্বতী এসে ফিরে গেছে?’ এবার কী হবে ?
কী কুক্ষণেই যে কাল সন্ধ্যায় মণ্ডপ ছেড়ে বাড়ি গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। পুজোর আর দেরি নেই। এদিকে মণ্ডপ সজ্জার পুরো দায়িত্বটাই আমার উপর। রোজ তাই পালা করে দুবেলা কিছুটা সময় এখানে কাটাতেই হয়। ‘ক্রমে ক্রমে এই বার্তা রটি গেল গ্রামে’ যে এবার মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছি আমি। রোজ সন্ধ্যায় পালা করে, দল বেঁধে দু-চার গাঁয়ের পোলাপানরা এসে দেখে যায় কেমন সেজে উঠছে মণ্ডপ। গতকালও এর ব্যতিক্রম হয়নি। কাজ চলছে, আমি চিন্তা করছি কীভাবে সব কিছু ম্যানেজ করা যায়, এরই মধ্যে পাশের ঘরের নীলু এসে খবর দিল মা নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন সত্বর। নীলু জানে না কেন। মায়ের আদেশ, শিরোধার্য করার বাইরে গত্যন্তর নেই। মনে একটুখানি ভয়ের সঞ্চারও যে হয়নি তা নয়। মায়ের শরীর-টরীর খারাপ করল না তো ?
তবে সেসব কিছুই ছিল না যদিও ফিরে আর মণ্ডপে যাইনি। তারই ফলশ্রুতি আজকের এই দুঃসংবাদ। সরস্বতীর কোন কোপে যে এবার পড়ব তা সেই জানে। এদিকে সময় বেশি হাতে নেই আর। কাজ শেষ করতে হবে পুরোদমে। হাত লাগাই সাথিদের নিয়ে। মনের মধ্যে খচখচটা লেগেই রয়েছে, বাড়ছে ক্রমাগত। চিন্ময় এসেছে আজও। জিজ্ঞেস করল -
– কথা হয়েছে?
– কার সঙ্গে? - আচমকা সব কিছু ভুলে গিয়ে জিজ্ঞেস করি।
– সরস্বতীর সঙ্গে? - চুপিচুপি কানের কাছে মুখ এনে বলল চিন্ময়।
– কোথায় পাবো তারে?
– তার আমি কী জানি?
– না রে, কাজের যা চাপ, সময় বের করাটাই তো ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। - বলেই ফের মন দিলাম কাজে, যদিও বুকের মধ্যে দুন্দুভির মতো কী একটা যেন বাজতে লাগল অহরহ। আসন্ন পুজোর ঢাকের শব্দ যেন দুন্দুভি হয়ে খানিক বাদে বাদেই আছড়ে পড়ছে বুকের মধ্যে। ‘দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু…।’ - রবীন্দ্রনাথেরও কী আমার মতো অবস্থা হয়েছিল? গুরুদেবের ক্ষেত্রে কার আঘাত জানা নেই কিন্তু আমার বুকের দুন্দুভিতে যে সরস্বতীর রক্তচক্ষু আঘাত এসে পড়ছে মুহুর্মুহু তা টের পাচ্ছি বিলক্ষণ। এখন কোন কুল যে রাখি। মন বসাতে পারি না। ক্ষণে ক্ষণে আনমনা হয়ে পড়ি। 
না আজ আর কিস্যু হবে না। রোগের উপশম জরুরী। কিন্তু কী করি? এখন কোথায় পাবো তারে? সময়ে যদি মা সরস্বতীর আরাধনা করতাম মন দিয়ে তাহলে আজ কি আর এই গ্রামে পড়ে থাকতে হতো? ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ ধরে চলে যেতাম দূর… বহুদূর…। কোনও এক বড় শহরে অফিসার হয়ে কেতায় কাটাতাম দিন। কত লক্ষ্মী সরস্বতীদের মুখোমুখি হতাম রোজ। এখানে এই পল্লীসমাজে কোন কুক্ষণেই যে পড়েছিলাম সরস্বতীর নেকনজরে, নাকি কুনজরে - বিধাতাই জানেন।
– কী হল? বসে রয়েছিস যে? কাজ যে বন্ধ হয়ে আছে দেখছিস না? - চিন্ময়ের চপলতা অসহ্যকর। কী যে মনে করে নিজেকে। পুজো কমিটির সেক্রেটারি হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে আমার? সে কি ভুলে যায় যে আমরা দুজন বন্ধু? আমি মরি দহনজ্বালায় আর সে শুধু গার্জেনশিপ ফলায়।
– এক কাপ চা হবে বন্ধু? - আমি চিন্ময়কে সরানোর ফন্দি আঁটি।
– দাঁড়া, দেখছি সত্যদার চায়ের দোকান খোলা আছে কিনা। - বলে এগিয়ে যায় চিন্ময়। আমি সফল। গোঁফ থাকলে তাতে তা দিতাম মনসুখে। আমি চিন্ময়ের চলে যাওয়ার দিকে তাকাতে তাকাতে চুপিসারে বিপরীতমুখী হলাম।
আজ এসপার নাহয় উসপার। হয় নিজের বাড়ি নাহয় সরস্বতীদের। এই মুহূর্তে বুক জুড়ে কেমন এক আকুলিবিকুলি। আসল সরস্বতীর তেমন কৃপা না পেলেও এই সরস্বতীর কথা মনে হলেই বুকটা এমন ধুকপুক করে কেন বুঝি না। কাল নিজে এসে আমার খোঁজ করেছে। না পেয়ে নিশ্চয়ই মনটা ব্যাজার হয়েছে তার। এখন এই মুহূর্তে কোথায় থাকতে পারে সে? নিশ্চিতই ঘরে। রাতও তো কম হয়নি। এখন আর কোথায় যাবে?
না, চিন্ময় নয় - আজ সরাসরি সরস্বতীর হাত থেকেই নাহয় এক কাপ চা খাওয়া যাক। সমস্যা একটাই। সব সময় সরস্বতীকে নিভৃতে পাওয়া যায় না। মাসি মেসো এসে গল্প জুড়ে দেন। মেসোর কাছে আমি এক নিবিড় গল্পশ্রোতা। এদিকে কথায় কথায় খরস্রোতা নদীর মতন প্রবহমান সময় এবং উদ্দেশ্য দুটোই হাতছাড়া হয় তখন। সরস্বতী মাঝে মাঝে এসে ঠায় দাঁড়িয়ে থাকে দরজার ফাঁকে। সময় হয়ে গেলে আমি উঠে আসি বিরসবদনে।
জানি না আজ কী আছে ভাগ্যে। বাইরে থেকেই জিজ্ঞেস করলাম -
– মেসোমশাই, বাড়ি আছেন?
– কে? - মেয়েলি কণ্ঠ।
– আমি, অঞ্জন।
কোন শব্দ নেই। দরজা খুলল কেউ। সরস্বতী দাঁড়িয়ে আছে গ্রিল দেওয়া দরজার ফাঁকে। বাইরের আলোয় যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…। আজ কী পূর্ণিমা? না, তা তো হবার নয়। সামনেই মহালয়া।
– এসো। - একটু কি রূঢ় শোনালো সরস্বতীর কণ্ঠস্বর? না, তেমন কিছু নয়। নিজেকেই অভয় দিলাম।
– মেসো?
– কবিতা করছ? ঘরে নেই। মা, বাবা - ছোটমামার বাড়িতে গেছেন।
কেন যে বুকটা কেঁপে উঠল বুঝতে পারলাম না।
– এসো… আবার বলল সরস্বতী।
– আসব? - কিছু স্থির করতে না পেরে বেরিয়ে এল মুখ থেকে। মাসি মেসো নেই, একা ঘরে সরস্বতী। ভেতরে ঢোকা কি ঠিক হবে? কেন যে কোন কুক্ষণে এসেছিলাম। তার চে’ ঘরে চলে গেলেই পারতাম। কিংবা চিন্ময়ের হাত থেকে চা খেয়ে কিছু কাজও এগিয়ে রাখতে পারতাম। পলকে মা ও চিন্ময়ের মুখ ভেসে উঠল চোখের সামনে।
– কেন আসবে না। আমি তো রয়েছি। আর তুমি এসে ঘরে না ঢুকে চলে গেছ শুনলে আমাকেই দোষ দেবেন বাবা। বলবেন - বসিয়ে রাখতে পারলি না?
তা ঠিক। কথায় বসলে মেসোর সঙ্গে আমার রসায়নটা জমে ভালো। ভীষণ প্র্যাক্টিক্যাল আর আমুদে মানুষ। ঠিক আমার যেমনটা পছন্দ। কিন্তু আজকাল সরল মনে কথা বলতে পারি না তাঁর সঙ্গে। মনের মধ্যে কু আমার। এটা ভেবেই লজ্জায় মরি নিজেই। সরস্বতীকে আমার ভালো লাগে কিংবা ভাইস ভার্সা - বহুদিন ধরে, শুনলে কী হবে? হয়তো বিচ্ছিরি কিছু একটা হবে। শোকাতুর হয়ে যদি হার্টফেল করে বসেন?
– কী হল? - সরস্বতীর কথায় চমক ভাঙল। দুরুদুরু পায়ে বারান্দার গ্রিল পেরিয়ে ওখানেই পেড়ে রাখা বেঞ্চে বসে পড়লাম।
– কী হল, এখানে কেন বসেছ? এখানে তুমি বসো? চলো ভেতরে। মনে হল সরস্বতী বোধ হয় এক্ষুনি আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যাবে। তার আগে নিজেই উঠে পড়লাম ফের যন্ত্রচালিতের মতো। সরস্বতীর পিছন পিছন গিয়ে পৌঁছে গেলাম আমার রোজকার আসনের কাছে। মানে এলে যেখানে বসি আরকি। থ্রি-সিটার সোফার বাঁদিকের আসনে। মুখোমুখি খাটের উপর বসল সরস্বতী। ভাবলাম ইচ্ছে করলেই কি আমার পাশে বসতে পারত না? হয়তো সমীচীন ভাবেনি। যাকগে। কথা কীভাবে শুরু করব বুঝতে পারছি না আমি। মনে হচ্ছে আজ আমার মুখেখড়ি। তাকালাম এক পলক। সরস্বতী অপলক।
– কাল কোথায় ছিলে সন্ধের পর? - সরস্বতীর কথায় চমক ভাঙল। সম্বিৎ ফিরে পেয়ে মনে পড়ল কেন এসেছি এখানে।
– মা ডেকে পাঠিয়েছিলেন।
– এবার পুজোয় কী প্ল্যান? - তার কোমল মধ্যম আওয়াজে বুঝলাম সরস্বতী রাগ করেনি আমার উপর। চিন্ময়ের উপর এবার রাগ উঠল আমার। পরক্ষণেই মনে পড়ল চিন্ময়ও এমন কিছু তো বলেনি আমাকে। মিছিমিছি আমিই শুধু ভয়ে মরছি। 
– ঠিক করিনি কিছু। - বুকে বল সঞ্চয় করে বললাম। বুঝতে পারছি দ্বিধা কাটছে ধীরে ধীরে।
– একদিন বাইরে যাব দুজনে, কেমন? রাজি তো?
আমি তো এই মুহূর্তেই সরস্বতীর হাত ধরে জাহান্নমেও যেতে রাজি। কিন্তু সব কিছু কি আর মুখে বলা যায়? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না… চোখই মনের আয়না। সরস্বতী কি আমার চোখ দেখে কিছু বুঝল? নাহলে অমন মুখ টিপে হাসছে কেন? তার মুচকি হাসি আমার বুকের মধ্যে লহর তুলছে ফের। আমি আবার ভাঙছি, সিঁটিয়ে যাচ্ছি ক্রমশ।
– আরে না না। এমনি বলছি। - সরস্বতী আমাকে সান্ত্বনা দিয়ে গভীর খাদ থেকে টেনে তুলল। আমি যে এক লহমায় পুজোর আনন্দের মধ্যে ওর হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলাম ইতিউতি সেই ঘোর থেকে আমাকে জাগিয়ে বলল -
– চা খাবে?
আমি এবার কিছুটা সপ্রতিভ হয়েছি বোধ করলাম। এক লহমা থেমে রহস্য করে বললাম -
– না, অন্য কিছু খাব। - কথাটি আমি বলেছি? বিশ্বাস হচ্ছিল না।
– কী? - এক মুহূর্তে সরস্বতীর মুখের রং যেন পালটে গেছে মনে হল।
আমি দৃঢ়চেতা। বললাম -
– না, আজ চা নয়। অন্যদিন। রাত হয়েছে। এবার উঠব। - বলে হাত বাড়ালাম তার দিকে। এই প্রথম। মনে হল এক লহমার দ্বিধা কাটিয়ে সেও উঠল খাট থেকে, আমার দিকে এগিয়ে এসে বাড়িয়ে দিল হাত। অমনি আবার রাজ্যের কুণ্ঠা এসে আমাকে আচ্ছন্ন করে দিতে থাকল। আমি ওর হাতে হাত রেখে প্রথমবারের মতো প্রাণপণে তার হাতে একটি চুমু খেয়ে সোজা এগোলাম দরজার দিকে। সরস্বতী ছিটকে গেল এক পাশে। আমার সমগ্র সত্তা জুড়ে উৎপন্ন প্রবল আবেগের আগুন যেন আমাকে এখনই পুড়িয়ে শেষ করে দেবে মনে হল। সরস্বতীর দিকে ফিরে তাকানোর সাহস নেই এটুকুও। দরজা খুলে উদ্ভ্রান্তের মতো আমি ছুটতে থাকলাম মূল রাস্তার দিকে।
এখন কোন দিকে যাব? কিছু না বুঝে, না ভেবেই ফের মণ্ডপের দিকে হাঁটতে থাকলাম। শিউলির গন্ধে মাতোয়ারা হয়ে আছে ভুবন। এই প্রথম যেন টের পেলাম। কই আসার সময় তো পাইনি। আমার মন প্রাণ জুড়ে শুধু সরস্বতী, তার বিহ্বল চাউনি। আমি অজান্তেই গুনগুন করে এগিয়ে চললাম ভ্রান্ত গন্তব্যের দিকে -
‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান -
তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ…।’
কখন যে ফের মণ্ডপের সামনে এসে পড়েছি খেয়ালই ছিল না আমার। কেউ নেই। সবাই বাড়ি চলে গেছে। চিন্ময় নেই। আলোর অভাবে জোনাকিরা দায় নিয়েছে জগৎ চরাচরকে আলোকময় করে রাখার। রাগিনীময় আলাপে ঝিঁঝি পোকারা বাঙ্ময় করে রেখেছে পরিপার্শ্ব। পার্থিব সব চিন্তাভাবনার জগৎ পেরিয়ে আমি যেন ধীরে ধীরে প্রবেশ করছি এক অতীন্দ্রিয় জগতে। আর কয়েকদিনের মধ্যেই চিন্ময়ী আসবেন মৃন্ময়ী রূপে। তাকালাম মণ্ডপের ভিতর। মণ্ডপসজ্জার একটি স্পষ্ট রূপ এসে ধরা দিল চোখের সামনে - এখানে, ঠিক মধ্যিখানে অধিষ্ঠিত হবেন মা দুর্গা। ডানে, এখানে লক্ষ্মী, তার নীচেই কলাবউ ও গণেশ ঠাকুর। সিংহ ও অসুরের নির্দিষ্ট জায়গা ছেড়ে ওপাশে ধনুর্ধর কার্তিক আর তাঁর উপরের দিকে ওখানে কে…? সরস্বতী। 
চমকে উঠলাম আমি। আর ঠিক সেই মুহূর্তে… কে যেন আমার হয়ে স্বগতোক্তি করল -
– এবার খুব সাজাবো সরস্বতীকে!!

বিদ্যুৎ চক্রবর্তী

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত স্মরণ সংখ্যা ‘আলোহাওয়া’

একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হচ্ছে সমাজের সাহিত্যদর্পণ । শুধুই সমকালিক নয়। যুগান্তরের ভাষাসাহিত্য ও তার যুগন্ধর স্রষ্টাদের সঙ্গে সমকালকে পরিচিত করে দেওয়ার এক প্রতিষ্ঠিত মাধ্যম। আর একের পর এক এই লক্ষ্যেই উৎকৃষ্টতা ও দায়বদ্ধতা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ’ পত্রিকা ‘ আলোহাওয়া ’ । রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৯তম সংখ্যা - ২৫তম বর্ষ , পৌষ ১৪৩২ - ডিসেম্বর ২০২৫ সংখ্যা । কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে সাহিত্যিক ‘ তুষারকান্তি নাথ স্মরণ সংখ্যা ’ হিসেবে । তুষারকান্তি নাথ এমন একজন সাহিত্যিক যাঁকে আখ্যায়িত করা যায় একজন সার্বিক সাহিত্যিক হিসেবে। ধারে ও ভারে তাঁর সৃষ্টি শুধু বরাক উপত্যকাতেই নয় এর বাইরেও সমাদৃত। তাঁর লেখনী রত্নপ্রসবা। পক্ষান্তরে এটাও বলা যায় যে ঘরে বাইরে কিছু স্বীকৃতি , কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকলেও তাঁর লেখালেখি ও নানাবিধ সৃষ্টিকর্মের গভীরতার মূল্যায়ন যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়নি। আসলে প্রান্তিকতা সততই লেখক, কবি, সাহিত্যিকদের পরিচিতির পথে এক বৃহৎ অন্তরা...

প্রখর গরজ ও শ্রদ্ধায় নিবেদিত একটি ‘সুকান্ত সংখ্যা’ - শতদল

হাতে নিলে আর পাঁচটা নিয়মিত সংখ্যা পত্রিকার মতো মনে হলেও উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থেকে কবি, লেখক রতন চন্দ সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ‘শতদল’ পত্রিকার সম্প্রতি প্রকাশিত ২৯তম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৪৩৩, মে-২০২৬ (কবি সুকান্ত জন্মশতবর্ষ সংখ্যা) সত্যিকার অর্থেই ব্যতিক্রমী। সেই মাত্র ৪২ পৃষ্ঠার পেপারব্যাক সংস্করণ হলেও প্রচ্ছদ থেকে শেষ পৃষ্ঠা অবধি যতন, গরজ ও উৎকর্ষের এক সম্ভার বললেও বাড়িয়ে বলা হয় না মোটেও। বাংলা ভাষার কবিদের মধ্যে এক স্বতন্ত্র স্থান ধরে আছেন অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর সময়কাল থেকে আজ অবধি এবং আগত-অনাগত চিরকালীন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কবি মূলত একজন প্রতিবাদী কবি হিসেবেই সাহিত্যবিশ্বে পরিচিত হলেও তাঁর কবিতায় এর বাইরেও যে রয়ে গেছে বহুমাত্রিক এক বোধ, ভাষ্য - বোধ করি তার সঠিক মূল্যায়ন হয়নি আজও। তবে যতই তাঁকে নিয়ে চর্চা হবে ততই এক এক করে খুলবে বিস্ময়ের ঝাঁপি এ কথা অনস্বীকার্য। এবং তারই এক নির্মোহ প্রয়াস ও প্রকাশ আলোচ্য সংখ্যাটি। সুসজ্জিত কবি-প্রতিকৃতিযুক্ত একটি নান্দনিক প্রচ্ছদ - সজ্জায়, বর্ণ সংস্থাপনে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য পাঠকের। সৌজন্যে মুদ...