Skip to main content

উপনিষদের কবি রবীন্দ্রনাথের কাব্যে বিশ্বজনীনতার আকুল আর্তি


তাঁর জীবনযাপন, তাঁর অসংখ্য রচনা, সবেতেই এক বন্ধনমুক্তির আকুল প্রয়াস, উড়ে বেড়ানোর এক অসীম আশা, অকুল আর্তি। একটি স্বীকারোক্তিতেই তাঁর অন্তরের একান্ত বাসনার খবর পৌঁছে যায় তাঁর অনুরত, অগণিত ভক্তবৃন্দের কাছে -
‘আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি।...
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি -
মোর ডানা নাই আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি...।
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যাই পাশরি।’
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা এখানে ওখানে থেকে যিনি ফুটিয়েছেন অগুনতি কাব্য-কুসুম, তাঁর চঞ্চল মন যে অহরহ ঘুরে বেড়াতে চাইবে নিখিল বিশ্বের মানব প্রকৃতিতে তার মধ্যে তো কল্পনার কোন স্থান থাকতে পারে না। তাঁর এই উন্মনা মনের খবর আমরা পাই নানাভাবে। তাঁর অসংখ্য কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, ভাষণ কিংবা গদ্যাংশ এবং তাঁর বিশ্বের দরবারে ছুটে যাওয়ার অসংখ্য উদাহরণের মধ্যে বারবার ফুটে উঠেছে বিশ্বমানবের কাছে ছুটে যাওয়ার আকুল আর্তি। নানাভাবে কবি বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছেন তাঁর - ‘যা কিছু আমার আছে, আপনার শ্রেষ্ঠ ধন’। বর্তমান ও ভবিষ্যতের কান্ডারিদের কাছে বিলীন হতে চেয়েছেন নিরন্তর।
ব্যক্তিগত জীবনে, একাধিকবার বিদেশ ভ্রমণকালে কবিগুরু তাঁর সর্বাঙ্গীন প্রতিভার দৌলতে অনায়াসেই পৌঁছে যেতে পেরেছিলেন বিশ্ববাসীর হৃদয়ে। ১৯১২ সালে লন্ডন ও আমেরিকা, ১৯১৬-তে জাপান ও পরে ১৯২০-২১ খ্রিস্টাব্দে ইউরোপ যাত্রার সুবাদে কবিগুরু সমকালীন কবি ও দার্শনিকদের পাশাপাশি বিশ্বমানবেরও প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। বিশ্বমানব ও বিশ্বমানবতার একনিষ্ঠ পূজারি রবীন্দ্রনাথ তাঁর একাধিক রচনায় অতি প্রাঞ্জল করে ব্যক্ত করেছেন তাঁর অন্তরের আন্তরিক বাসনা।
১৯৩০ সালের ১৪ জুলাই বিজ্ঞানী আইনস্টাইনের এক প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন - “মানুষের সীমাহীন ব্যক্তিত্ব বিশ্বকে ধারণায় আনে। মানুষের ব্যক্তিত্বের আয়ত্তে সব কিছু আসে। বিশ্ব সত্য, মানুষ সত্য। প্রোটন ও ইলেক্ট্রন এবং তাদের পরস্পরের মধ্যকার ফাঁকটুকু মিলেই বস্তু গড়ে ওঠে। তবু বস্তুর আপাতকঠিন রূপ। তেমনই ব্যক্তিসমূহ মিলে বিশ্বমানব। ব্যক্তির মধ্যে আছে মানব সম্বন্ধের সংযোগ এবং এই সংযোগই মানুষকে জীবন্ত ঐক্যে বেঁধেছে। সমগ্র বিশ্ব এইভাবে সংশ্লিষ্ট। এই হলো মানবীয় বিশ্বের আহুতি, আমি সেই ভাবধারাকেই শিল্প, সাহিত্য ও মানুষের ধর্ম-জ্ঞানের ক্ষেত্রে প্রকাশ করেছি।”
বিশ্বজনীন একাত্মতার ফলস্বরূপে কবি যেখানেই পদার্পণ করেছেন, সেখানেই লাভ করেছেন সাধারণ মানুষের বাঁধভাঙা প্রেম-প্রীতি-শুভেচ্ছা। বক্তব্যের সমর্থনে দু-একটি ঘটনার বিবরণ অপ্রাসঙ্গিক হবে না। ১৯২১ সালে কবিগুরু যখন বার্লিনে গিয়েছিলেন তখন সেখানে তাঁকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল। তার একটি বিবরণ লিপিবদ্ধ করেছেন তৎকালীন (১৯২০-১৯২৬) বার্লিনস্থিত ব্রিটিশ রাষ্ট্রদূত ভাইকাউন্ট্‌ জি. এবারসন। তাঁর ডায়ারিতে আছে - “জুন ৩, ১৯২১। গতকাল ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। কী সুন্দর মূর্তি, সাধুমানবের উজ্জ্বল দৃষ্টান্ত। তরঙ্গায়িত চুল আর দাড়িতে রমণীয় আকৃতি। জিশুখ্রিস্টের যে মূর্তি আমাদের কল্পনায় গড়া, তার চেয়ে মনোহর। তাঁর ধীর, মৃদু, মসৃণ কণ্ঠস্বর আমাকে মুগ্ধ করেছে। স্ক্যানডিনেভিয়া ও জার্মানিতে তিনি বিপুল অভ্যর্থনা লাভ করেছেন।
গতকাল হেলেন (লেডি ডি. এবারসন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী রোজবেরির কন্যা) একটি সভায় তাঁর কবিতা পাঠ শুনতে গিয়েছিল। সভাগৃহের ভিতরে তো ভিড়ের জন্য ঢুকতে পারেনি, এমনকী সেই রাস্তাতেই পৌঁছতে পারেনি, এমনই প্রচণ্ড জনসমাগম হয়েছিল। ...সেদিন ইউরোপ নির্লিপ্ত, আত্মস্থ, নৈর্ব্যক্তিক রবীন্দ্রনাথের আবির্ভাবে বিস্মিত হয়েছিল।”
আরেকটি ঘটনা। রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় ১৯২৬ সালে ‘প্রিন্স অব নেশনস্‌’-এর আমন্ত্রণে যখন জেনেভায় গিয়েছিলেন তখন রবীন্দ্রনাথ ইউরোপে। তিনি ‘Rabindranath at DresDen’ নামক প্রবন্ধে, সেসময় ইউরোপে রবীন্দ্রনাথ সম্পর্কে কীরকম আগ্রহ লক্ষ করেছেন তা লিখেছেন - “নির্ধারিত সময়ের কিছু আগে সভাস্থলে পৌঁছলাম। তিন চার সহস্র মানুষ ধরে এমনই বিরাট সভাকক্ষ। একটিও আসন খালি নাই। অনেকে দণ্ডায়মান, শ্রোতাদের অনেকেই রমণী। এঁদের অনেকেই ইংরেজি জানেন, যাঁহারা জানেন না তাঁহাদের জন্য বার্লিন ইউনিভার্সিটির হিন্দি অধ্যাপক পণ্ডিত তারাচাঁদ রায় জার্মান ভাষায় কবির বক্তব্য অনুবাদ করিয়া দিলেন, ইনি পঞ্জাব প্রদেশবাসী। অনেক রিপোর্টার ছিলেন, তাঁহারাও অধিকাংশ ক্ষেত্রে নারী। কবি অনেকগুলি ইংরেজি ও বাংলা কবিতা আবৃত্তি করিলেন। কবিতা পাঠের সময় ঘনঘন হর্ষধ্বনি হইতেছিল। ‘The Crescent Moon’ হইতে যেসব কবিতা পাঠ করা হইল, তাহা বিশেষভাবে সমাদৃত হইল, ফলে কবিকে নির্ধারিত সংখ্যার বেশি কবিতা পাঠ করিতে হইল। নিম্নলিখিত কবিতাটি কবিকে দু’তিনবার পড়িতে হইল -
Why are those tears in your eyes,
my child?
How horrid of them to be always
Scolding you for nothing?...”
বিস্তারিত উল্লেখের প্রয়োজন নেই। এরপর কবি রাশিয়া গিয়েছেন। তাঁর ‘রাশিয়ার চিঠি’র আবেদন আজও অম্লান। ১৯২১ সালে বার্লিনে, ১৯২৪-এ চিন ও জাপান, ১৯২৪-এ দক্ষিণ আমেরিকা, ১৯২৬-এ ইতালি। স্বল্প পরিসরে কবির বিশ্বজয়ের খতিয়ান তুলে ধরা অসম্ভব। উদ্দেশ্যও তা নয়। এখানে কবির ভাবনায়, তাঁর কাব্যের মাধ্যমে বিশ্ববাসীর হৃদয়ে পৌঁছানোর যে আর্তি তা-ই সামান্য তুলে ধরার প্রচেষ্টা মাত্র।
‘কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান
কত-না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ…।’
কবি হয়তো সরাসরি পৃথিবীর সব মানুষের, তাঁদের জীবন ও সুরের সাথে মিশতে পারেননি, কিন্তু নিজের কল্পনা ও অনুমানের সাহায্যে তিনি পৃথিবীর বিশাল মহা-ঐকতান বা সুরের মেলবন্ধন অনুভব করেছেন।’ তার প্রত্যক্ষ প্রমাণ দেশ-বিদেশের বহু কথা, বহু গান তিনি নিজের রচনায় সন্নিবিষ্ট করে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন এক ঐক্যের সুর। কবির কল্পনায় নিরন্তর আঁকা হচ্ছিল ধরিত্রীর গান। একান্ত নিরালায় বসেও মন তাই তাঁর ঘুরে বেড়াত সারা বিশ্ববাসীর হৃদয়ে। বিশ্বকে আরও জানার তাগিদে, বিশ্বমানবের আরও গভীরে পৌঁছানোর তাড়া তাই অহর্নিশি ছিল তাঁর অনুভবে।
“বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
দেশে দেশে কত না নগর রাজধানী
…বিশাল বিশ্বের আয়োজন;
মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।”     
কবি ইতস্ততই ‘পৃথিবীর কবি’ বলে স্বীকৃত হতে ভালোবাসতেন। তাই -
“আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখুনি…।’
নিখিল বিশ্বলোকের অন্বেষণ কবির স্বভাবসুলভ অঙ্গীকার। তারই প্রতিধ্বনি বেজে ওঠে কাব্যের সুললিত মাধুরীতে। বিশ্বের পরমাত্মীয়জনের হৃদয়ের খোঁজে যে যে অন্বেষণ তারই প্রতিচ্ছবি উদ্ভাসিত হয় সুনিপুণ কাব্যালংকারে -
‘সব ঠাঁই মোর ঘর আছে
আমি সেই ঘর মরি খুঁজিয়া
সব দেশে মোর দেশ আছে
আমি সেই দেশ লব যুঝিয়া
পরবাসী আমি যে দুয়ারে চাই
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই
সন্ধান লব বুঝিয়া
ঘরে ঘরে আছে পরমাত্মীয়
তারে আমি ফিরি খুঁজিয়া।’
রবীন্দ্রনাথের কবিদৃষ্টি এ নিখিল বিশ্বের নিত্য-নবীন রূপ প্রত্যক্ষ করার জন্য ছিল চির লালায়িত আর তারই ফলশ্রুতিতে বিশ্বমানবের আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করার এ অদম্য আকাঙ্ক্ষা। লক্ষ্য যেখানে বিশাল কর্মকুশলতার, ব্যাপ্তিও সেখানে অসীম। অবর্ণনীয়কে বর্ণনা করে, অব্যক্তকে ব্যক্ত করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তাই কাব্যলক্ষ্মীর অলংকার-শিঞ্জনে, প্রসাধন-কলায়, ছন্দে, গন্ধে, রূপে, রসে পূর্ণ প্রস্ফুটিত কবিপ্রতিভা। তাই শব্দাতীতকে শব্দের মালায় গেঁথে বিশ্বজনে বিলীন হয়ে যাওয়ার একমাত্র আকাঙ্ক্ষা তাঁর কবিতায় ধরা দেয় অবলীলায় -
‘নব নব প্রবাসেতে নব নব লোকে
বাঁধিবে এমনি প্রেমে প্রেমের আলোকে
বিকশিত হব আমি ভুবনে ভুবনে
নব নব পুস্পদলে, প্রেম আকর্ষণে।’
কবিমনকে অবিরত আকর্ষণ করে বিশ্বমানব প্রেম। তারই প্রতিচ্ছবি -
‘বিশাল বিশ্ব চারিদিক হতে প্রতি কণা মোরে টানিছে
আমার দুয়ারে নিখিল জগৎ শতকোটি কর হাসিছে।’…
তৎকালীন সমাজের নিভৃত নিরালায় বসেও কবিদৃষ্টিতে ছিল নিখিল চরাচরের অনন্ত রূপ। রবীন্দ্রনাথের উপর বিশ্বপ্রকৃতির অদ্ভুত প্রভাব তাঁর তাবৎ কাব্যের মধ্যে, আমরা দেখতে পাই দুটি উৎসুক চোখের অনন্ত পিপাসু দৃষ্টির পরিচয় ও তাঁর রস দর্শন করার লোকোত্তর ক্ষমতা। প্রাচীন ঋষিমুনিরা কোন সুপ্রাচীন বনান্তে থেকেও নিভৃত ধ্যানে প্রত্যক্ষ করেছিলেন জগৎ সংসারের সত্য মূর্তি - ‘রসো বৈ স:’ কিংবা ‘আনন্দাদ্ধেব খল্বিমানি সর্বাণি, ভূতানি জায়ন্তে’ কিংবা গন্ধবিধুর অন্ধকারে দাঁড়িয়ে বন, আকাশ, নক্ষত্র ও নদীতটকে লক্ষ করে বলেছিলেন - ‘দেবস্য পশ্য কাব্যং ন মমার ন জীর্যতি অহো।’ অর্থাৎ বিশ্বদেবতার এ অমর কাব্য প্রত্যক্ষ কর, যা কখনও জীর্ণ হয় না, কখনও হয় না ক্ষয়প্রাপ্ত। প্রসঙ্গক্রমে বলা যায় কবির চিন্তা ও দর্শনে প্রাচীন ভারতীয় উপনিষদের প্রভাব ছিল গভীর ও সুদূরপ্রসারী। তাঁর সাহিত্যকর্মে, বিশেষ করে ‘গীতাঞ্জলি’ বা অন্যান্য আধ্যাত্মিক কবিতায় উপনিষদের শান্তি, আনন্দ, ব্রহ্মচেতনা ও প্রকৃতির সঙ্গে মানবাত্মার ঐক্যের সুর স্পষ্টভাবে বেজে উঠেছে। সেই বোধ, সেই সত্যকেই কবি অধিকতর সার্বিক করে প্রতিষ্ঠা করেছেন তাঁর কাব্যে। বিশ্বই সত্য, বিশ্বমানবই প্রকৃত। না হলে বিশ্বস্বীকৃতির এমন এমন উত্তুঙ্গ শিখরে  উঠেও কবির এ আকাঙ্ক্ষার অবসান হয় না কেন? সমগ্র বিশ্বে আপন বারতা পৌঁছে যাওয়ার পরেও সন্দিহান কবিমন। তাই কবি বলেন -
‘এতদিন যে বেঁধেছি সুর দিনে রাতে আপন মনে
ভাগ্যে যদি সেই সাধনা সমাপ্ত হয় এই জীবনে…
এ জীবনের পূর্ণ বাণী মানসবনের পদ্মখানি
ভাসাব শেষ সাগর পানে বিশ্বগানের ধারা বেয়ে।’
এই যে বিশ্বমাঝে নিজেকে ছড়িয়ে দেওয়ার তীব্র মানসিক আন্দোলন তা নিজ চক্ষে সম্পূর্ণ প্রত্যক্ষ করার বাসনা হয়তো ইহজীবনে সমাপ্ত হবার নয়। অন্তর তাঁর দিনরাত্র দোলায়িত হয় এই একটি বাসনায়। নিজের সৃষ্টির অমরত্ব সম্বন্ধে কবি ছিলেন নি:সন্দেহ। তাই অবলীলায় আশা করতে পেরেছিলেন - ‘আজি হতে শতবর্ষ পরে’ও কেউ তাঁর কবিতা পড়ছে বসে বসে। কিন্তু নিজস্ব সৃষ্টি ও তার প্রসারের বিষয়ে কবিমন ছিল চির সন্দিহান। প্রশ্ন থেকে গিয়েছিল মনের মধ্যে - হয়তো নিজেরই অজান্তে। বিশ্বময় অনুরক্ত চিরভক্তরা কতটুকু গ্রহণ করেছে কবিকে সেই ভাবনায় বিভোর কবি এই একটি প্রশ্নের সমাধান খুঁজে খুঁজে মানসক্ষেত্রে ঘুরে বেড়ান অনুপস্থিত ভবিষ্যৎ চিন্তার জগতেও। আকুল জিজ্ঞাসা ফুটে বেরোয় কাব্যের ধ্বনিতে -
‘ভুবন মিলায় মোর অঞ্চলখানিতে
বিশ্ব নীরব মোর কণ্ঠের বাণীতে,
এ কী সত্য?
ত্রিভুবন লয়ে শুধু আমি আছি, আছে মোর অনুরক্ত
হে আমার চিরভক্ত -
এ কী সত্য?’

বিদ্যুৎ চক্রবর্তী

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত স্মরণ সংখ্যা ‘আলোহাওয়া’

একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হচ্ছে সমাজের সাহিত্যদর্পণ । শুধুই সমকালিক নয়। যুগান্তরের ভাষাসাহিত্য ও তার যুগন্ধর স্রষ্টাদের সঙ্গে সমকালকে পরিচিত করে দেওয়ার এক প্রতিষ্ঠিত মাধ্যম। আর একের পর এক এই লক্ষ্যেই উৎকৃষ্টতা ও দায়বদ্ধতা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ’ পত্রিকা ‘ আলোহাওয়া ’ । রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৯তম সংখ্যা - ২৫তম বর্ষ , পৌষ ১৪৩২ - ডিসেম্বর ২০২৫ সংখ্যা । কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে সাহিত্যিক ‘ তুষারকান্তি নাথ স্মরণ সংখ্যা ’ হিসেবে । তুষারকান্তি নাথ এমন একজন সাহিত্যিক যাঁকে আখ্যায়িত করা যায় একজন সার্বিক সাহিত্যিক হিসেবে। ধারে ও ভারে তাঁর সৃষ্টি শুধু বরাক উপত্যকাতেই নয় এর বাইরেও সমাদৃত। তাঁর লেখনী রত্নপ্রসবা। পক্ষান্তরে এটাও বলা যায় যে ঘরে বাইরে কিছু স্বীকৃতি , কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকলেও তাঁর লেখালেখি ও নানাবিধ সৃষ্টিকর্মের গভীরতার মূল্যায়ন যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়নি। আসলে প্রান্তিকতা সততই লেখক, কবি, সাহিত্যিকদের পরিচিতির পথে এক বৃহৎ অন্তরা...

প্রখর গরজ ও শ্রদ্ধায় নিবেদিত একটি ‘সুকান্ত সংখ্যা’ - শতদল

হাতে নিলে আর পাঁচটা নিয়মিত সংখ্যা পত্রিকার মতো মনে হলেও উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থেকে কবি, লেখক রতন চন্দ সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ‘শতদল’ পত্রিকার সম্প্রতি প্রকাশিত ২৯তম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৪৩৩, মে-২০২৬ (কবি সুকান্ত জন্মশতবর্ষ সংখ্যা) সত্যিকার অর্থেই ব্যতিক্রমী। সেই মাত্র ৪২ পৃষ্ঠার পেপারব্যাক সংস্করণ হলেও প্রচ্ছদ থেকে শেষ পৃষ্ঠা অবধি যতন, গরজ ও উৎকর্ষের এক সম্ভার বললেও বাড়িয়ে বলা হয় না মোটেও। বাংলা ভাষার কবিদের মধ্যে এক স্বতন্ত্র স্থান ধরে আছেন অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর সময়কাল থেকে আজ অবধি এবং আগত-অনাগত চিরকালীন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কবি মূলত একজন প্রতিবাদী কবি হিসেবেই সাহিত্যবিশ্বে পরিচিত হলেও তাঁর কবিতায় এর বাইরেও যে রয়ে গেছে বহুমাত্রিক এক বোধ, ভাষ্য - বোধ করি তার সঠিক মূল্যায়ন হয়নি আজও। তবে যতই তাঁকে নিয়ে চর্চা হবে ততই এক এক করে খুলবে বিস্ময়ের ঝাঁপি এ কথা অনস্বীকার্য। এবং তারই এক নির্মোহ প্রয়াস ও প্রকাশ আলোচ্য সংখ্যাটি। সুসজ্জিত কবি-প্রতিকৃতিযুক্ত একটি নান্দনিক প্রচ্ছদ - সজ্জায়, বর্ণ সংস্থাপনে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য পাঠকের। সৌজন্যে মুদ...