Skip to main content

অঘোষিত বিষয় ভাবনায় উচ্চারিত অরণ্যপ্রেম


‘তট’ শব্দের অর্থ সাধারণ অবস্থায় আমরা যা জানি তা হল তীর। জলরাশির পার্শ্ববর্তী কিছু এলাকা। কিন্তু পাহাড়েরও যে তট হয় তা হয়তো সবার জ্ঞাত নয়। পাহাড় বা উঁচু স্থানের শীর্ষদেশে অবস্থিত সমভূমি, যাকে সচরাচর মালভূমি হিসেবেই আমরা জানি তারই অপর এক নাম গিরিতট। বর্ধিত পরিসরে বনসংলগ্ন ভূমিকেও তাই ‘বনতট’ বা ‘অরণ্যতট’ বললে স্বাভাবিক অর্থেই তা অপ্রাসঙ্গিক হয় না মোটেও। আর কবি-সাহিত্যিকদের অন্তর তো সদাই নূতত্বের খোঁজে ধাবমান। তারই ফলশ্রুতি বিশিষ্ট কবি সেলিম মোস্তাফার এই নামাকরণ ও যুগান্তরের কবি - অরণ্যপ্রেমী, প্রকৃতিপ্রেমী কবি হারাধন বৈরাগী কৃত ছোটপত্রিকা ‘বনতট’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এই পত্রিকার একাদশ বর্ষ, চতুর্থ সংখ্যা। অসাধারণ এক ট্যাগলাইন রয়েছে নামিলিপির পাশেই - ‘বন আর তটের মাঝে মুখ তুলেছে দেওয়াল নারাং/ আর কু-সুমু বাজিয়ো না…।’ কোনো বিষয়ভিত্তিক সংখ্যা নয় তবু সম্পাদকীয় থেকে শেষ পৃষ্ঠার ভেতর ফুটে রয়েছে রাশি রাশি অরণ্যকুসুম। লেখক, কবি যাঁদের লেখা নেওয়া হয়েছে তাঁরা সবাই জানেন এই পত্রিকায় সবই পঠিত হবে ‘বনবাণী’ হিসেবে। সুতরাং লেখনীতে প্রসবিত হোক ‘বনমর্মর কথা’। সম্পাদকীয় থেকেই শুরু এই কথাপালা। দুর্ভাগ্যক্রমে অরণ্যপ্রেম, অরণ্যকথা আজ মানুষের কাছে এক ভুল কথা। তাই সম্পাদক এই সম্পাদকীয়কে শ্লেষাত্মক আঙ্গিকে ইচ্ছাকৃতভাবেই নামাঙ্কিত করেছেন ‘ভুল সম্পাদকীয়’ বলে। এক অনন্য সম্পাদকীয়, পরিসরের অভাবে যা তুলে দেওয়া অসম্ভব। অন্যথা পুরোটাই তুলে দেওয়ার মতো। অণুগল্পের আঙ্গিকে এক ব্যতিক্রমী নিগূঢ় স্বর্গীয় বনকথা।
নির্বাচিত লেখক কবির নির্বাচিত একগুচ্ছ রচনার মধ্যে রয়েছে প্রবন্ধ-নিবন্ধ, কবিতা ও অণুগল্প। সেসবের ক্রমানুযায়ী প্রথম নিবন্ধ - ‘ত্রিপুরাসুন্দরী মন্দির : এক অনন্য শক্তিপীঠ, এক নিত্য কুম্ভ উৎসব’।  লিখেছেন অনুরাগ ভৌমিক। বিষয়ভিত্তিক এক পূর্ণাঙ্গ বৃত্তান্ত প্রাঞ্জল করে তুলে ধরেছেন লেখক। দর্শনার্থী, ভ্রমণপিপাসু মানুষের মৌলিক সব প্রশ্নের উত্তর ইতিহাস ও বর্তমানের আঙ্গিকে লিপিবদ্ধ করেছেন সুখপাঠ্য করে। অশোকানন্দ রায়বর্ধনের ‘অরণ্য : সাহিত্যে ও লোকজ চেতনায়’ নিবন্ধটি অপেক্ষাকৃত স্বল্প পরিসরের হলেও এক উৎকৃষ্ট সুলিখিত বন-বন্দনা। গোপাল চন্দ্র দাস লিখেছেন একটি ক্ষেত্র অধ্যয়নভিত্তিক গবেষণামূলক নিবন্ধ ‘বন-সতী : মৌন মায়া-প্রকৃতির এক লৌকিক দেবী’। ত্রিপুরার কুমারঘাট ব্লকের অন্তর্গত নটিংছড়া চা-বাগানের উত্তর পশ্চিম কোণে মনু নদীর তীরবর্তী অঞ্চলে অধিষ্ঠিত লৌকিক দেবী বনসতীর একটি থলি বা বেদি রয়েছে সোনাইমুড়ি গ্রামের রাখালথলি নামক জায়গাতে। এই লৌকিক দেবী ও স্থানটির বিস্তৃত ইতিহাসের খোঁজে লেখকের এই অধ্যয়নসঞ্জাত নিবন্ধ নিঃসন্দেহে সংখ্যাটির শ্রেষ্ঠ সম্পদ। লেখক মন্টু দাসের ‘হেড়ম্ব রাজ্যে বাংলা ভাষা’ নিবন্ধটিও বিস্তৃত ও সুলিখিত যা ইতিহাসে প্রাপ্ত তথ্যের উপর প্রতিষ্ঠিত। এক নিবিড় পাঠ ও অনুভবের নিবন্ধ।
এই পর্বের শেষে এবং কবিতাপর্বের আগে কবি হারাধন বৈরাগীর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কমলা মথের শৃঙ্গার’-এর উপর একটি সংক্ষিপ্ত অথচ সাহিত্যগুণমানসম্পন্ন পাঠ প্রতিক্রয়া রয়েছে। লিখেছেন মিলনকান্তি দত্ত। কবিতা বিভাগে রয়েছে একগুচ্ছ মায়াবী কবিতার সম্ভার। বিশেষ করে মন ছুঁয়ে যেতে বাধ্য বিশ্বজিৎ দেব, গোপা রায়, হারাধন বৈরাগী, নিবারণ নাথ, পায়েল দেব, সঞ্জয় দত্ত, সঞ্জীব দে, সেলিম মোস্তাফা, শান্তনু মজুমদার, সোমেন চক্রবর্তী, সুচিত্রা দাসের কবিতা। এছাড়াও এই বিভাগে কলম ধরেছেন নবীনদের পাশাপাশি একগুচ্ছ প্রতিষ্ঠিত কবিরা - যথাক্রমে আদিমা মজুমদার, আলাল উদ্দিন, অপাংশু দেবনাথ, ড. অপর্ণা গাঙ্গুলি, অরিজিৎ নাথ, অরুণ চাকমা মাত্তচ্যা, ভবানী বিশ্বাস, ভুলু কুমার দেববর্মা, বিপ্লব উরাং, দেবপ্রতিম দেব, দেবাশ্রিতা চৌধুরী, গোবিন্দ ধর, মাধুরী সরকার, মিতালী দে, মৃণ্ময় নাথ, নীলিমা দেবনাথ, নির্মল দত্ত, প্রিয়াংশী সাহা, রাজেশ চন্দ্র দেবনাথ, রসরাজ নাথ, রতন চন্দ, রোজী নাথ, শৈলেন দাস, শঙ্কর সাহা, শ্রীমান দাস, সুবোধ মালাকার, সুজিত দেব, সুমন দেব, তমা বর্মণ ও টিংকুরঞ্জন দাস।
সংখ্যাটির অন্যতম প্রধান আকর্ষণ হল অণুগল্প বিভাগ। অরণ্যতটে একে একে জমা হয়েছে অরণ্য ও প্রকৃতি তথা বিচিত্র সব বিষয়ের উপর সৃষ্ট মোট সতেরোটি অণুগল্প। বিশেষোল্লেখে রাখতেই হয় বিল্লাল হোসেন, জহর দেবনাথ, জয়ত্রী চক্রবর্তী, মধুমিতা ভট্টাচার্য, পৃথ্বীশ দত্ত, শিবজ্যোতি দত্ত ও সুস্মিতা দেবনাথের গল্প। বিশেষত পৃথ্বীশ দত্তের ‘শোধ’ ও সুস্মিতার ‘যেদিন বন কথা কইল না’ গল্পদুটি পাঠকের অন্তর ছুঁয়ে যাবে নিশ্চিত। এছাড়াও নানা আঙ্গিকের পাঠোপযোগী অণুগল্প লিখেছেন অমলকান্তি চন্দ, বকুল দেব, বিধানচব্দ্র দে, বিদ্যুৎ চক্রবর্তী, চিরশ্রী দেবনাথ, দিব্যেন্দু নাথ, মণিলাল নাথ, মিলনকান্তি দত্ত, সৈকত মজুমদার ও সুমিতা দেব। 

প্রত্যেকেই কৃতী লেখক, গল্পকার যেহেতু গল্পের মান রয়েছে প্রত্যাশার উপরেই। গোটা সংখ্যাটির শেষ পাতায় সমাপ্ত হয়েছে সুস্মিতা দেবনাথের অণুগল্পটি - যার মাধ্যমে ফুটে উঠেছে অঘোষিত বিষয়ভাবনার এক অনবদ্য আবেগ, আলোচ্য সংখ্যার মর্মগাথা - ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর’। আর অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে সেই ভাবনাকেই প্রসঙ্গ করে কেতায় ফুটিয়ে তুলেছেন প্রচ্ছদশিল্পী মিলনকান্তি দত্ত। 
সব মিলিয়ে মোট ৮৮ পৃষ্ঠার ১/৪ ট্যাবলয়েড রেগুলার সাইজের একটি সুনির্বাচিত লেখালেখির পরিচ্ছন্ন পত্রিকা সংখ্যা। ছাপা, বাঁধাই, অক্ষর বিন্যাস সবই উপযুক্ত মানের। কিছু বানান বিভ্রাট (এমনকী ‘অণুগল্প’ শব্দটিও) ছাড়া সম্পাদকীয় মুনশিয়ানা ও একটি সার্বিক উৎকর্ষের ছোঁয়া লেগে আছে পাতায় পাতায়।
বিদ্যুৎ চক্রবর্তী
‘বনতট’ - ১১শ বর্ষ ৪র্থ সংখ্যা
সম্পাদক - হারাধন বৈরাগী
প্রকাশক - রত্না নাথ
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৭০৮৫৭১৩০৯৩

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত স্মরণ সংখ্যা ‘আলোহাওয়া’

একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হচ্ছে সমাজের সাহিত্যদর্পণ । শুধুই সমকালিক নয়। যুগান্তরের ভাষাসাহিত্য ও তার যুগন্ধর স্রষ্টাদের সঙ্গে সমকালকে পরিচিত করে দেওয়ার এক প্রতিষ্ঠিত মাধ্যম। আর একের পর এক এই লক্ষ্যেই উৎকৃষ্টতা ও দায়বদ্ধতা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ’ পত্রিকা ‘ আলোহাওয়া ’ । রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৯তম সংখ্যা - ২৫তম বর্ষ , পৌষ ১৪৩২ - ডিসেম্বর ২০২৫ সংখ্যা । কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে সাহিত্যিক ‘ তুষারকান্তি নাথ স্মরণ সংখ্যা ’ হিসেবে । তুষারকান্তি নাথ এমন একজন সাহিত্যিক যাঁকে আখ্যায়িত করা যায় একজন সার্বিক সাহিত্যিক হিসেবে। ধারে ও ভারে তাঁর সৃষ্টি শুধু বরাক উপত্যকাতেই নয় এর বাইরেও সমাদৃত। তাঁর লেখনী রত্নপ্রসবা। পক্ষান্তরে এটাও বলা যায় যে ঘরে বাইরে কিছু স্বীকৃতি , কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকলেও তাঁর লেখালেখি ও নানাবিধ সৃষ্টিকর্মের গভীরতার মূল্যায়ন যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়নি। আসলে প্রান্তিকতা সততই লেখক, কবি, সাহিত্যিকদের পরিচিতির পথে এক বৃহৎ অন্তরা...

প্রখর গরজ ও শ্রদ্ধায় নিবেদিত একটি ‘সুকান্ত সংখ্যা’ - শতদল

হাতে নিলে আর পাঁচটা নিয়মিত সংখ্যা পত্রিকার মতো মনে হলেও উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থেকে কবি, লেখক রতন চন্দ সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ‘শতদল’ পত্রিকার সম্প্রতি প্রকাশিত ২৯তম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৪৩৩, মে-২০২৬ (কবি সুকান্ত জন্মশতবর্ষ সংখ্যা) সত্যিকার অর্থেই ব্যতিক্রমী। সেই মাত্র ৪২ পৃষ্ঠার পেপারব্যাক সংস্করণ হলেও প্রচ্ছদ থেকে শেষ পৃষ্ঠা অবধি যতন, গরজ ও উৎকর্ষের এক সম্ভার বললেও বাড়িয়ে বলা হয় না মোটেও। বাংলা ভাষার কবিদের মধ্যে এক স্বতন্ত্র স্থান ধরে আছেন অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর সময়কাল থেকে আজ অবধি এবং আগত-অনাগত চিরকালীন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কবি মূলত একজন প্রতিবাদী কবি হিসেবেই সাহিত্যবিশ্বে পরিচিত হলেও তাঁর কবিতায় এর বাইরেও যে রয়ে গেছে বহুমাত্রিক এক বোধ, ভাষ্য - বোধ করি তার সঠিক মূল্যায়ন হয়নি আজও। তবে যতই তাঁকে নিয়ে চর্চা হবে ততই এক এক করে খুলবে বিস্ময়ের ঝাঁপি এ কথা অনস্বীকার্য। এবং তারই এক নির্মোহ প্রয়াস ও প্রকাশ আলোচ্য সংখ্যাটি। সুসজ্জিত কবি-প্রতিকৃতিযুক্ত একটি নান্দনিক প্রচ্ছদ - সজ্জায়, বর্ণ সংস্থাপনে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য পাঠকের। সৌজন্যে মুদ...