Skip to main content

বিপুল আয়োজন : বিশাল স্মরণিকা


‘…শহর হাইলাকান্দি। প্রাকৃতিক শোভা ও সংস্কৃতি ঐতিহ্যমণ্ডিত বরাক উপত্যকার তিনটি জেলার মধ্যে ভৌগোলিক নিয়ম নিরিখে ছোট হলেও বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ক্ষেত্রে কেবল আঞ্চলিক আঙিনায় সীমাবদ্ধ নয়। বরং এই অঞ্চলের বৌদ্ধিক ভাবধারা বাংলা সাহিত্যের সামগ্রিক ধারার সঙ্গে ক্রমশ নির্মাণ করে চলেছে উত্তরণের অভিযাত্রা…।’
আলোচনার নান্দীমুখেই আলোচ্য গ্রন্থে সন্নিবিষ্ট একটি রচনার উপর্যুক্ত অনুচ্ছেদটি তুলে ধরার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে। কোনও সভা-সমাবেশ বা অনুষ্ঠানাদি যে স্থানে আয়োজিত হয় সেই স্থানের সম্যক পরিচিতি একটি রচনার অপরিহার্য অঙ্গ না হলেও অত্যন্ত প্রাসঙ্গিক। বলা যায় স্থান ও অনুষ্ঠান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বরাক উপত্যকার হাইলাকান্দি অঞ্চল তথা বর্তমান হাইলাকান্দি জেলার ইতিহাস ও প্রবহমান জীবনধারার বৃত্তান্ত অন্যান্য অঞ্চলের চাইতে খাটো নয় মোটেও - বরং এক নিবিড় অধ্যয়নের আকর। অবশ্য গ্রন্থের অন্যান্য অনেক লেখাতেও হাইলাকান্দির উল্লেখ রয়েছে। সম্প্রতি ১৪৩২ বঙ্গাব্দের মাঘ মাসে, সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষে এই হাইলাকান্দি শহরেই আয়োজিত হয়েছিল ঐতিহ্যবাহী ‘বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’-এর ত্রিদিবসীয় একত্রিশতম দ্বিভাষিক কেন্দ্রীয় অধিবেশন। এই উপলক্ষে প্রকাশিত ‘স্মরণিকা’ হাতে এসেছে সম্প্রতি। ভিতরের পৃষ্ঠায় যাওয়ার পূর্বেই শৈল্পিক, নান্দনিক এবং সংস্থানামকে উপলক্ষ করে অনবদ্য ক্যালিগ্রাফিক প্রচ্ছদ নজর কাড়ে সর্বাগ্রে। বরাকের এক নন্দিত চিত্রশিল্পীকৃত এই প্রচ্ছদচিত্রের মধ্যিখানে রয়েছে লোকজ আলপনার রঙিন নকশা যা আচার অনুষ্ঠানে, উৎসব পার্বণে উপত্যকার এক প্রবহমান ঐতিহ্য। এর চার পাশে রয়েছে উপত্যকার সংস্কৃতি, স্থাপত্য, ভাষা শহিদ স্মারক, মৃৎশিল্প ও গ্রামীণ জীবনযাত্রার বেশ কিছু সাদা কালো কোলাজ। এক কথায় সুচিন্তিত ও অনবদ্য এক প্রতীকী প্রচ্ছদচিত্র।
হাফ ট্যাবলয়েড বা লেটার সাইজের ১৭৮ পৃষ্ঠার স্মরণিকা যে কতটা বিস্তৃত ও বিশাল হতে পারে তা সহজেই অনুমেয়। একে একে এগোলে ‘সম্মেলন সংগীত’-এর পর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিদের শুভেচ্ছা বার্তা। বরাকের দুই কৃতী সাহিত্যিক যাঁরা প্রয়াত হয়েছেন সম্প্রতি - যথাক্রমে ইমাদ উদ্দিন বুলবুল ও  তুষারকান্তি নাথকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে তাঁদের সংক্ষিপ্ত সচিত্র পরিচিতি সহ। পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচির পর একে একে যা রয়েছে তা শুধু আলোচ্য সংখ্যার অন্তর্ভুক্তি নয়, ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ তথ্যাদি। রয়েছে সংস্থার - তিন জেলার প্রতিটি আঞ্চলিক সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদকের নামের তালিকা, অধিবেশনের অভ্যর্থনা সমিতি ও উপসমিতির সদস্যদের নাম, কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সদস্যদের নাম। এরপর রয়েছে বর্তমান অধিবেশন উপলক্ষে শেষোক্ত সমিতির সভাপতি রাধিকারঞ্জন চক্রবর্তীর ‘মুখবন্ধ’, অভ্যর্থনা সমিতির সভানেত্রী ইন্দিরা ভট্টাচার্যের অভিভাষণ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্তের ৭ পৃষ্ঠাব্যাপী বিস্তৃত প্রতিবেদন, সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্মরণিকা সম্পাদক জিতেন্দ্র নাথের ভব্য সম্পাদকীয়। প্রায় প্রতিটি প্রতিবেদনেই লিপিবদ্ধ হয়েছে সময়ে সময়ে নেমে আসা বহুমাত্রিক আগ্রাসনের বিরুদ্ধে সংস্থার দীর্ঘদিনের লড়াই ও সংগ্রামের মাধ্যমে অস্তিত্ব রক্ষার ইতিহাসগাথা। 
লেখালেখির শুরু হয়েছে অত:পর। রয়েছে মোট ২৫টি মূল্যবান প্রবন্ধ নিবন্ধ, পরিসর যার ভিতরকথার বয়ান লিপিবদ্ধ করার অনুমতি দেয় না। ভাষা সাহিত্য সংস্কৃতি ও আনুষঙ্গিক বিবিধ বিষয়ের উপর রয়েছে মূল্যবান সব রচনা। লিখেছেন বিশিষ্টজনেরা। এই পর্বের প্রতিটি রচনায় ফুটে উঠেছে শহিদের রক্তস্নাত উপত্যকার প্রতিটি হৃদয়ে সঞ্চিত ভাষাপ্রেম ও ইতিহাসাশ্রিত জাতিসত্তার নিহিত প্রত্যয়, গরজ ও অঙ্গীকার। বিষয়ভিত্তিক প্রতিটি লেখায় উন্মোচিত হয়েছে বিষয়ের গভীরে নিহিত তত্ত্ব ও তথ্যের সুনিপুণ উদ্ভাস। সূচিপত্র অনুযায়ী এগোলে রয়েছে - তপোধীর ভট্টাচার্যের ‘বাঙালি আসলে কারা’, বাণীপ্রসন্ন মিশ্রের ‘ভাষা বাংলা, দেশ বাংলা, জাতি বাঙালি’, সঞ্জীব দেবলস্করের ‘কোনদিকে আসামে বাঙালির ভবিষ্যৎ’, নীতিশ ভট্টাচার্যের ‘সুবর্ণজয়ন্তীর আলোকে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’, গৌতম প্রসাদ দত্তের ‘ঐতিহ্যের উত্তরাধিকার নিয়ে সংগ্রামের পথচলা’, সব্যসাচী রায়ের ‘বরাকবঙ্গ@৫০ : অদম্য, অনন্য এক মশালবাহক’, দীপক সেনগুপ্তের ‘বাংলা ভাষা এবং বাঙালি জাতীয় সত্তার বিপন্নতা - প্রেক্ষিত আসাম’, আবিদ রাজা মজুমদারের ‘বরাক উপত্যকায় কথ্য বাংলার কিছু নমুনা’, দেবদত্ত চক্রবর্তীর ‘ভাষার স্থাপত্যে উপভাষা ও বাঙালির অস্তিত্ব-প্রতিবাদ’, বাহার উদ্দিনের ‘কোথায় দাঁড়িয়ে আছি আমরা?’, আ, ফ, ম, ইকবালের ‘ডিমা হাসাও জেলায় বাংলা ভাষাচর্চা - এক ধারাবাহিক আলোচনা’, তীর্থঙ্কর দাশ পুরকায়স্থের ‘বরাক উপত্যকার ‘আধুনিক’ বাংলা কবিতা’।
অপরাজিতা দে লিখেছেন ‘বরাক উপত্যকায় তৃতীয় ধারার নাট্যচর্চা ও হাইলাকান্দি শহরের ভূমিকা’, মানিক চক্রবর্তী লিখেছেন ‘বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন ও কবি বিজিৎকুমার ভট্টাচার্য’, মাশুক আহমেদ লিখেছেন ‘বরাকের কথাসাহিত্য এবং বঙ্গ সাহিত্যের গল্প সংগ্রহের দুটি খণ্ড প্রসঙ্গ’, ড. তীর্থঙ্কর চক্রবর্তী লিখেছেন গ্রন্থ আলোচনা “আজ আমাদের উৎসব’ : একটি পর্যালোচনা’, গণেশ নন্দী লিখেছেন ‘ঐতিহ্য থেকে আধুনিকতা : বরাকের চারুকলার বিবর্তনধারা’, পঙ্কজ নাথ লিখেছেন ‘এ অঞ্চলের রবীন্দ্রসংগীত চর্চা’। রয়েছে দেবতোষ নাথের লেখা ‘বরাক উপত্যকার নৃত্যসংস্কৃতিতে কত্থক ও অন্যান্য নৃত্যধারা’, আশিসরঞ্জন নাথের ‘বরাক উপত্যকার লিটল ম্যাগাজিন : একটি আলোকপাত’, তৈমুর রাজা চৌধুরীর ‘বরাক উপত্যকার সংবাদপত্র : অবলোকন’, ড. পরিতোষ চন্দ্র দত্তের ‘শণবিল : জলজ হৃদয়ের সামাজিক সম্ভাবনা ও উন্নয়ন’, কল্লোল চৌধুরীর ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে তদানীন্তন কাছাড়’, বিবেকানন্দ মোহন্তের ‘১৮৭১ সালের লুসাই অভিযান এবং মেরি উইনচেস্টার উদ্ধার : একটি প্রতিবেদন’ এবং ড. লক্ষ্মী নাথের ‘সময়ের স্বর : স্থানীয় সাহিত্য ও বিকাশের অভিযাত্রা’।
এতসব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সুলিখিত এইসব নিবন্ধাদি স্বভাবতই একদিকে যেমন সংস্থার কর্মকুশলতা অন্যদিকে ভাষা সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি আন্তরিক দায়বদ্ধতার পরিচায়ক। তত্ত্ব ও জানা অজানা বহু তথ্যের সন্নিবেশে পরিস্ফুট প্রতিটি নিবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা তথা ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। একই ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন রয়েছে পরবর্তী পৃষ্ঠাগুলোতে যেখানে সংস্থার বিভিন্ন অধিবেশনে এ যাবৎ প্রকাশিত গ্রন্থাদির সচিত্র প্রচ্ছদ ও সংক্ষিপ্ত সারমর্মের উল্লেখ রয়েছে। শেষের পৃষ্ঠাসমূহে পাঁচটি পরিশিষ্টে রয়েছে একনজরে সম্মেলনের প্রতিটি কেন্দ্রীয় অধিবেশনের খতিয়ান (তারিখ, স্থান, সম্মেলনের সভাপতি, সম্পাদক তথা প্রধান অতিথির নাম সহ), সংস্থার কেন্দ্রীয় ও জেলা সমিতির এ যাবৎ যাঁরা সাংগঠনিক দায়িত্বে ছিলেন তাঁদের নাম, সংস্থার দ্বারা পুরষ্কৃত ও সম্মানিত বিদ্বজনের নামের তালিকা, বিগত অধিবেশনসমূহে অদ্যাবধি প্রকাশিত প্রতিটি স্মরণিকায় প্রকাশিত প্রবন্ধমালার শিরোনাম ও লেখকের নাম এবং প্রতিটি অধিবেশনে প্রকাশিত স্মরণিকা সম্পাদকের নামের তালিকা।
তবে পরিশিষ্টেই শেষ নয়। সূচিপত্রে অনুল্লেখিত হয়েও মোট চৌদ্দজন চিত্রশিল্পীর আঁকা বিভিন্ন শৈলীর রঙিন চিত্রাবলি বিশাল এই স্মরণিকার এক সুচিন্তিত ও নন্দিত সমাপনের ইঙ্গিতবাহী। বরাকের শিল্প জগৎ খানিক ব্যতিক্রমী। নিজস্ব প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যের ব্যবহারে আলাদা এক শিল্প ভাবনার নিরিখে শিল্পীরা উজ্জ্বল। এসবের উপর আলোকপাত অত্যন্ত প্রয়োজন। আলোচ্য গ্রন্থের এই নির্বাচিত অংশে চিত্রিত এইসব ছবির চিত্রকারদের সংক্ষিপ্ত পরিচিতি সন্নিবিষ্ট হলে ভালো হতো। একটি সংস্থানাম সরকারিভাবে পঞ্জিয়নভুক্ত থাকে, অন্যথা সংস্থানাম যদি - ‘‘বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও শিল্প-সংস্কৃতি সম্মেলন’ হতো, মন্দ হতো না হয়তো।
স্মরণিকার কাগজের মান, ছাপার স্পষ্টতা, অক্ষর, শব্দ ও বাক্যবিন্যাসও যথাযথ। বিশাল এই সাহিত্য ও তথ্য সম্ভারে অতি সামান্য কিছু বানান কিংবা ছাপা বিভ্রাট উল্লেখযোগ্য নয় মোটেও। পুরো গ্রন্থেই সম্পাদকীয় যত্ন ও অশেষ শ্রমের পরিচয় সুস্পষ্ট। বিপুল এই আয়োজনের অঙ্গ হিসেবে স্মরণিকার বিশালত্বও স্বভাবতই প্রণিধানযোগ্য, অভিনন্দনযোগ্য।

বিদ্যুৎ চক্রবর্তী

‘স্মরণিকা’
বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
স্মরণিকা সম্পাদক - জিতেন্দ্র নাথ
প্রকাশক - রণেন্দ্র নারায়ণ দে
প্রচ্ছদ - গণেশ নন্দী

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত স্মরণ সংখ্যা ‘আলোহাওয়া’

একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হচ্ছে সমাজের সাহিত্যদর্পণ । শুধুই সমকালিক নয়। যুগান্তরের ভাষাসাহিত্য ও তার যুগন্ধর স্রষ্টাদের সঙ্গে সমকালকে পরিচিত করে দেওয়ার এক প্রতিষ্ঠিত মাধ্যম। আর একের পর এক এই লক্ষ্যেই উৎকৃষ্টতা ও দায়বদ্ধতা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ’ পত্রিকা ‘ আলোহাওয়া ’ । রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৯তম সংখ্যা - ২৫তম বর্ষ , পৌষ ১৪৩২ - ডিসেম্বর ২০২৫ সংখ্যা । কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে সাহিত্যিক ‘ তুষারকান্তি নাথ স্মরণ সংখ্যা ’ হিসেবে । তুষারকান্তি নাথ এমন একজন সাহিত্যিক যাঁকে আখ্যায়িত করা যায় একজন সার্বিক সাহিত্যিক হিসেবে। ধারে ও ভারে তাঁর সৃষ্টি শুধু বরাক উপত্যকাতেই নয় এর বাইরেও সমাদৃত। তাঁর লেখনী রত্নপ্রসবা। পক্ষান্তরে এটাও বলা যায় যে ঘরে বাইরে কিছু স্বীকৃতি , কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকলেও তাঁর লেখালেখি ও নানাবিধ সৃষ্টিকর্মের গভীরতার মূল্যায়ন যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়নি। আসলে প্রান্তিকতা সততই লেখক, কবি, সাহিত্যিকদের পরিচিতির পথে এক বৃহৎ অন্তরা...

প্রখর গরজ ও শ্রদ্ধায় নিবেদিত একটি ‘সুকান্ত সংখ্যা’ - শতদল

হাতে নিলে আর পাঁচটা নিয়মিত সংখ্যা পত্রিকার মতো মনে হলেও উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থেকে কবি, লেখক রতন চন্দ সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ‘শতদল’ পত্রিকার সম্প্রতি প্রকাশিত ২৯তম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৪৩৩, মে-২০২৬ (কবি সুকান্ত জন্মশতবর্ষ সংখ্যা) সত্যিকার অর্থেই ব্যতিক্রমী। সেই মাত্র ৪২ পৃষ্ঠার পেপারব্যাক সংস্করণ হলেও প্রচ্ছদ থেকে শেষ পৃষ্ঠা অবধি যতন, গরজ ও উৎকর্ষের এক সম্ভার বললেও বাড়িয়ে বলা হয় না মোটেও। বাংলা ভাষার কবিদের মধ্যে এক স্বতন্ত্র স্থান ধরে আছেন অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর সময়কাল থেকে আজ অবধি এবং আগত-অনাগত চিরকালীন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কবি মূলত একজন প্রতিবাদী কবি হিসেবেই সাহিত্যবিশ্বে পরিচিত হলেও তাঁর কবিতায় এর বাইরেও যে রয়ে গেছে বহুমাত্রিক এক বোধ, ভাষ্য - বোধ করি তার সঠিক মূল্যায়ন হয়নি আজও। তবে যতই তাঁকে নিয়ে চর্চা হবে ততই এক এক করে খুলবে বিস্ময়ের ঝাঁপি এ কথা অনস্বীকার্য। এবং তারই এক নির্মোহ প্রয়াস ও প্রকাশ আলোচ্য সংখ্যাটি। সুসজ্জিত কবি-প্রতিকৃতিযুক্ত একটি নান্দনিক প্রচ্ছদ - সজ্জায়, বর্ণ সংস্থাপনে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য পাঠকের। সৌজন্যে মুদ...