Skip to main content

অণুগল্পে উদ্ভাসিত প্রেম-ভালোবাসার অনন্য রসায়ন


এমন সার্থক গ্রন্থনাম সচরাচর বিরল। দুটি হৃদয় যখন এক হয়ে যায় তখন যোগফল যেমন একাকার তেমনি গুণফলও একাকার। এক এক্কে এক। ভাগফলেও তাই। গণিতের মানুষের কাছে অনোন্যক এক বিশেষ চরিত্র। একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারলে উভয় চরিত্রই অনোন্যক হয়ে ওঠে, অনন্য হয়ে ওঠে।
কবি, লেখক বিমলেন্দু চক্রবর্তী ও উত্তমার্ধ অর্চিতা চক্রবর্তী সম্পাদিত অণুগল্প সংকলনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এমনই এক আবহে। গ্রন্থের ব্লার্বে তার কিছু আভাস - ‘…পড়াশোনার ব্যয়ভার মেটাতে পড়াশোনার ফাঁকে শুরু ম্যাথম্যাটিকসের টিউশন। সেখানেই পরিচয় স্বল্পবাক, সলাজ ছাত্রীটির সঙ্গে। প্রয়োজন ছাড়া কথা নেই মুখে। বাংলা উচ্চারণ স্মার্ট। স্ট্যাটিকসের মতোই তার অন্তর্নিহিত ক্রিয়া প্রতিক্রিয়া। ক্লাস নিতে নিতে অনাকাঙ্ক্ষিতভাবেই ডায়নামিক মেসেজে কিছু বললে অন্য শিক্ষার্থীদের মতো রিঅ্যাক্ট করত না সে…। নিজের পায়ে দাঁড়ানোর উভয়েরই অবিরাম চেষ্টা ও নিষ্ঠা। আকাশের মতো সুনসান যাপনের মুহূর্ত নিয়ে চলে গেল হাতছানির দিকে। কত বাধা, কত বিপত্তির মুখোমুখি, স্ফুলিঙ্গের দহনের মতোই একদিন নিভৃতে ছড়িয়ে পড়ল কল্পনার আবিরের আলপনা উভয়ের পথে। দুটি হৃদয়ের রসায়নে নিভৃত কোন এক গোধূলি লগ্নে মেয়েটির সিঁথি রাঙা হল ভাবনার সেই আবিরে…।’ - ব্লার্বের দুই ফ্ল্যাপ মিলে এভাবেই রচিত হল একটি প্রেমময় অণুগল্প যা খেই ধরিয়ে দিল ভিতরকার সম্ভারের। ৫৫জন গল্পকারের লেখা অণুগল্প সংকলটির মাধ্যমে উদ্যাপিত হল দুটি হৃদয়ের একীকরণের ত্রিশ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ।
একটি অনিন্দ্য উৎসর্গ, প্রেম ও ভালোবাসা নিয়েই যশস্বী লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত বার্তা ও অনন্য একটি সংক্ষিপ্ত সম্পাদকীয়র পর রয়েছে সুবিন্যস্ত সূচিপত্র। গল্পের বিষয় ছিল - ‘ভালোবাসা ও প্রেম, সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য’। বিষয় যতটা আকর্ষণীয় ততটাই জটিল। অনুভবে থাকলেও ভাষায় ফুটিয়ে তোলা খুব সহজ হয়তো ছিল না। তবু ৫৫ জন গল্পকার কলম ধরেছেন যেহেতু প্রেম ও ভালোবাসার সংজ্ঞা ও সমীকরণ যে ফুটে বেরোবে নানা আঙ্গিক ও ভিতরকথার স্ফুরণে তাতে অবাক হওয়ার কিছু নেই। সব ভাষার সাহিত্যে এই দুই অনুভবের পার্থক্য, সামঞ্জস্য কিংবা সমীকরণ নিয়ে বহুজনের অনুভূতি ও চিরকালীন বহু উক্তি রয়েছে। সবার অনুভব বা চিন্তাধারা এক নয়, আবার অনেকেরই এক। আসলে বড্ড সম্পৃক্ত এই দুই অনুভব তাই ভাষায় প্রকাশও বড় সহজ নয়। তারই এক চিত্র ফুটে উঠেছে গ্রন্থে সন্নিবিষ্ট ৫৫টি গল্পে। সবার গল্পের সারমর্ম কাছাকাছি থাকলেও হুবহু এক নয় মোটেও। আলাদা করে উল্লেখ করার পরিসরও নেই। শুধু বলা যায় দুই স্বর্গীয় অনুভূতির খোঁজে একেকটি গল্পে ফুটে উঠেছে গল্পকারদের স্বকীয় ভাবনা ও বিশ্লেষণের বিচিত্র ধরন ও ধারণা। কিছু নিগুঢ় প্রেমকথা, কিছু ভাব ও ভালোবাসার গাথা। ভাষা, বুনোট ও সংলাপে অধিকাংশ গল্পই সুলিখিত। কিছু গল্পের ভিতরে যেতে চাইলে নিবিড় পাঠের প্রয়োজন, আবার কিছু নিতান্তই সরল ও সুবোধ্য।
যশোধরা রায়চৌধুরীর গল্পটি দুই পৃষ্ঠা ছাড়িয়েছে যদিও বাকি সব গল্পই এক কিংবা দুই পৃষ্ঠার। তাঁর বাইরে সূচিপত্র অনুযায়ী এগোলে যাঁদের গল্প রয়েছে সংকলনটিতে তাঁরা হলেন - সাধন চট্টোপাধ্যায়, সুকুমার রুজ, সঞ্জয় চক্রবর্তী, অঞ্জলি সেনগুপ্ত, সেখ আব্দুল মান্নান, শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, সুপ্রদীপ দত্তরায়, অর্চিতা চক্রবর্তী, বিমলেন্দু চক্রবর্তী, পারমিতা, গৌতম বালা, মধুমিতা দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, মহুয়া চৌধুরী, জয়ন্ত ভক্তা, অসমী গগৈ (বাসুদেব দাস কৃত অনুবাদ), সমরবিজয় চক্রবর্তী, কাকলী দাশগুপ্ত, যোগরাজ শর্মা অধিকারী, মিলনকান্তি দত্ত, ছবি সিনহা বসু, মধুমিতা ভট্টাচার্য, পৃথ্বীশ দত্ত, শংকর হালদার শৈলবালা, সংহিতা চৌধুরী, সুশান্ত পাড়ুই, জাহানারা রহমান, ঝুমুর পান্ডে, বিমলেন্দু ভৌমিক, সত্যজিৎ চৌধুরী, সন্দীপ রায় শীল, বিদ্যুৎ চক্রবর্তী, অসিতবরণ বেরা, বাউলা সঞ্জয়, বিশ্বজিৎ নাগ, শর্মিলী দেব কানুনগো, শ্রীমন্তী ভাণ্ডারী, সুনন্দা নন্দী পুরকায়স্থ, দিব্যেন্দু নাথ, কৃষ্ণা গুহ, অরুণাভ বীর, সুনন্দা মাইতি, হারাধন বৈরাগী, আঞ্জু মানোয়ারা আনসারী, উত্তম কুমার সরকার, মনালি, মৌপিয়া চৌধুরী, উপেক্ষিৎ শর্মা, মিফতাহ উদ্দিন, বাসুদেব ব্যানার্জি, পশুপতি বিশ্বাস, নাসিমা বেগম বুলু, চয়ন চক্রবর্তী ও আলপনা নাথ।
ডাবল জ্যাকেটে হার্ডবোর্ড বাঁধাই, ১০৪ পৃষ্ঠার এই গ্রন্থটি শুধু বিষয়ভাবনায় নয় - ছাপা, অক্ষরবিন্যাস, সার্বিক অলংকরণেও অনন্য হয়ে উঠেছে। পতোদ্দিন মোল্লার প্রচ্ছদ একাধারে প্রাসঙ্গিক ও নান্দনিক। কিছু বানানবিভ্রাটের বাইরে ভাবনা ও তার প্রকাশ, সম্ভার ও সজ্জা - সব মিলিয়ে এক সুচিন্তিত ও চিত্তাকর্ষক সংকলন আলোচ্য গ্রন্থটি।
বিদ্যুৎ চক্রবর্তী
‘অনোন্যক’
অর্চিতা চক্রবর্তী/বিমলেন্দু চক্রবর্তী
প্রকাশক - নতুন গতি প্রকাশনী
মূল্য - ২৮০ টাকা

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত স্মরণ সংখ্যা ‘আলোহাওয়া’

একটি লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা হচ্ছে সমাজের সাহিত্যদর্পণ । শুধুই সমকালিক নয়। যুগান্তরের ভাষাসাহিত্য ও তার যুগন্ধর স্রষ্টাদের সঙ্গে সমকালকে পরিচিত করে দেওয়ার এক প্রতিষ্ঠিত মাধ্যম। আর একের পর এক এই লক্ষ্যেই উৎকৃষ্টতা ও দায়বদ্ধতা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বরাক উপত্যকার হাইলাকান্দি শহর থেকে প্রকাশিত ‘ সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ’ পত্রিকা ‘ আলোহাওয়া ’ । রজতজয়ন্তী বর্ষে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৯তম সংখ্যা - ২৫তম বর্ষ , পৌষ ১৪৩২ - ডিসেম্বর ২০২৫ সংখ্যা । কবি জিতেন্দ্র নাথ সম্পাদিত এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে সাহিত্যিক ‘ তুষারকান্তি নাথ স্মরণ সংখ্যা ’ হিসেবে । তুষারকান্তি নাথ এমন একজন সাহিত্যিক যাঁকে আখ্যায়িত করা যায় একজন সার্বিক সাহিত্যিক হিসেবে। ধারে ও ভারে তাঁর সৃষ্টি শুধু বরাক উপত্যকাতেই নয় এর বাইরেও সমাদৃত। তাঁর লেখনী রত্নপ্রসবা। পক্ষান্তরে এটাও বলা যায় যে ঘরে বাইরে কিছু স্বীকৃতি , কিছু প্রতিষ্ঠা পেয়ে থাকলেও তাঁর লেখালেখি ও নানাবিধ সৃষ্টিকর্মের গভীরতার মূল্যায়ন যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু হয়নি। আসলে প্রান্তিকতা সততই লেখক, কবি, সাহিত্যিকদের পরিচিতির পথে এক বৃহৎ অন্তরা...

প্রখর গরজ ও শ্রদ্ধায় নিবেদিত একটি ‘সুকান্ত সংখ্যা’ - শতদল

হাতে নিলে আর পাঁচটা নিয়মিত সংখ্যা পত্রিকার মতো মনে হলেও উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থেকে কবি, লেখক রতন চন্দ সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ‘শতদল’ পত্রিকার সম্প্রতি প্রকাশিত ২৯তম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৪৩৩, মে-২০২৬ (কবি সুকান্ত জন্মশতবর্ষ সংখ্যা) সত্যিকার অর্থেই ব্যতিক্রমী। সেই মাত্র ৪২ পৃষ্ঠার পেপারব্যাক সংস্করণ হলেও প্রচ্ছদ থেকে শেষ পৃষ্ঠা অবধি যতন, গরজ ও উৎকর্ষের এক সম্ভার বললেও বাড়িয়ে বলা হয় না মোটেও। বাংলা ভাষার কবিদের মধ্যে এক স্বতন্ত্র স্থান ধরে আছেন অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর সময়কাল থেকে আজ অবধি এবং আগত-অনাগত চিরকালীন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কবি মূলত একজন প্রতিবাদী কবি হিসেবেই সাহিত্যবিশ্বে পরিচিত হলেও তাঁর কবিতায় এর বাইরেও যে রয়ে গেছে বহুমাত্রিক এক বোধ, ভাষ্য - বোধ করি তার সঠিক মূল্যায়ন হয়নি আজও। তবে যতই তাঁকে নিয়ে চর্চা হবে ততই এক এক করে খুলবে বিস্ময়ের ঝাঁপি এ কথা অনস্বীকার্য। এবং তারই এক নির্মোহ প্রয়াস ও প্রকাশ আলোচ্য সংখ্যাটি। সুসজ্জিত কবি-প্রতিকৃতিযুক্ত একটি নান্দনিক প্রচ্ছদ - সজ্জায়, বর্ণ সংস্থাপনে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য পাঠকের। সৌজন্যে মুদ...