পূর্ণিমার চাঁদের মতো মায়ের আঁচল খুঁজে ফিরি নিঃশব্দে... সারল্য ও নান্দনিকতার যুগপৎ প্রকাশে প্রথম কাব্যগ্রন্থ
বাংলা ভাষায় ‘মা’ শব্দটিই বোধহয় সবচেয়ে ছোট অথচ একটি পূর্ণাঙ্গ শব্দ, যার মধ্যে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক। স্বভাবতই মাকে নিয়ে রচিত হয়েছে অগণিত সাহিত্য। সেসবের উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে। উত্তরপূর্বের সাহিত্যেও গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-নিবন্ধে মা-বিষয়ক প্রচুর সাহিত্য সৃষ্টির নজির খুঁজে পাওয়া যায়। নানা আঙ্গিক, নানা রূপে প্রতিভাত হয়েছেন মা। ত্রিপুরা রাজ্যের কবি মিলন দেব একজন প্রতিষ্ঠিত নাট্যকার। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মা’। গ্রন্থের দ্বিতীয় ফ্ল্যাপে তাঁর পরিচয়ে আছে - ‘কবি মিলন দেব শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন প্রায় চার দশক ধরে। নাটকের সংলাপ উচ্চারণ, প্রয়োগ, প্রকৌশল, অভিনয় নৈপুণ্যে নিজেকে জড়িয়ে রাখলেও কবিতা সৃজনে মিলন দেব উজ্জ্বল ব্যক্তিত্ব...।’ আলোচ্য কাব্যগ্রন্থে কবির কবিতা কেমন তা নিয়ে কিছু কথা আছে বিশিষ্ট কবি ও নাট্যকার হৃষিকেশ নাথের ‘কথামুখ’-এ - ‘...বইটি প্রায় ৫২টি কবিতা দিয়ে সাজিয়েছেন কবি। কোন মারপ্যাঁচ নেই। অতি সরল ভাষা প্রয়োগ কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য। কষ্টকল্পিত কোন শব্দ নেই। সরলরৈখিক অকপট ভঙ্গিতে তুলে এনেছেন তাঁর ধারণা, চ...